অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব হবে ঢাকায়

দীর্ঘ ১২৮ বছর পর আবারও অলিম্পিকের মঞ্চে ফিরতে যাচ্ছে ক্রিকেট। ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হয়েছে জনপ্রিয় এই খেলাটি। আর সেই আসরে জায়গা করে নেওয়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে বাংলাদেশ। ক্রিকেটের পুরুষ বিভাগের চূড়ান্ত বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সুযোগকে দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

সূচি অনুযায়ী, ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পুরুষদের অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব। অন্যদিকে, নারীদের চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। পুরুষদের বাছাইপর্বের সব ম্যাচ ঢাকায় আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। এ বিষয়ে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমরা চেষ্টা করব, যেন অলিম্পিক বাছাইপর্বের সব ম্যাচ ঢাকায় আয়োজন করা যায়। আমি মনে করি, বাংলাদেশের জন্য এটি দারুণ একটি অর্জন।’

বিসিবি সভাপতি আরও জানান, অলিম্পিক ক্রিকেটে অংশ নেওয়া ছয় দলের মধ্যে পাঁচটি দল ইতোমধ্যে নির্বাচিত হয়েছে। বাকি একটি জায়গার জন্য আটটি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত বাছাইপর্ব। এই প্রতিযোগিতার আয়োজক হওয়ার জন্য গত তিন-চার মাস ধরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন তিনি।

তামিম বলেন, ‘এই বাছাইপর্বের ভেন্যু নিয়ে গত তিন-চার মাস ধরে আমি আলোচনা করছিলাম, যেন বাংলাদেশ আয়োজক হতে পারে। আমি মনে করি, এটি অনেক বড় অর্জন। অলিম্পিক বাছাইপর্বের মতো একটি ইভেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে, এটা আমাদের জন্য দারুণ ব্যাপার।’

এদিকে, আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র নিয়েও আশাবাদী তামিম। দেশের মাটিতে শক্তিশালী ও বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ তৈরি করতে দীর্ঘদিন ধরে কাজ করছে বিসিবি। নতুন চক্রে বাংলাদেশের জন্য এমন সুযোগ বাড়বে বলে প্রত্যাশা করছেন বোর্ড সভাপতি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা এবং দেশের মাটিতে বড় আয়োজনের সুযোগ কাজে লাগানোই এখন বিসিবির অন্যতম লক্ষ্য।

spot_imgspot_img
spot_img

Related Articles