ফাইনালে মেসির সামনে যে সব কীর্তির হাতছানি

ক্যারিয়ারে তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলবেন লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়ক ২০১৪ সালে না পারলেও ২০২২ সালে দেশকে চ্যাম্পিয়ন করেছেন। পর পর দু’বার আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার সুযোগ রয়েছে এখন মেসির সামনে। দলগত এই লক্ষ্যের পাশাপাশি ১৯ জুলাই স্পেনের বিরুদ্ধে ফাইনালে ব্যক্তিগত ভাবে অন্তত ১১টি কীর্তি গড়তে পারেন এলএম টেন।

১. বিশ্বকাপ ফাইনালের দিন মেসির বয়স হব ৩৯ বছর ২৫ দিন। সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসাবে বিশ্বকাপ ফাইনাল খেলার কীর্তি গড়বেন মেসি। সব মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার কীর্তি রয়েছে ইতালির দিনো জ়ফের। তিনি ১৯৮২ সালের ফাইনালে সে সময়ের পশ্চিম জার্মানির বিরুদ্ধে খেলেছিলেন ৪০ বছর ১৩৩ দিন বয়সে। জফ অবশ্য গোলরক্ষক ছিলেন। গোলরক্ষক বাদে অন্য ফুটবলারদের মধ্যে মেসিই হবেন ফাইনাল খেলে বয়স্কতম ফুটবলার।

২. ১৯ জুলাই মাঠে নামার সঙ্গে সঙ্গে বিশ্বের দ্বিতীয় ফুটবল অধিনায়ক হিসাবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার কৃতিত্ব অর্জন করবেন মেসি। এমন কৃতিত্ব রয়েছে শুধু ব্রাজিলের সাবেক অধিনায়ক কাফুর। তাঁর নেতৃত্বে ১৯৯৪, ১৯৯৮ এবং ২০০২ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ব্রাজিল।

সতীর্থদের সঙ্গে মেসি

৩. আর্জেন্টিনার প্রথম অধিনায়ক হিসাবে তিনটি বিশ্বকাপ ফাইনালে দেশকে নেতৃত্ব দেবেন মেসি। টপকে যাবেন দিয়েগো মারাদোনার কীর্তিকে। মারাদোনার নেতৃত্বে দু’বার বিশ্বকাপ ফাইনাল খেলেছে আর্জেন্টিনা।

৪. দু’বার বিশ্বকাপ জয়ের কীর্তি রয়েছে ইতালি (১৯৩৪, ১৯৩৮) এবং ব্রাজিলের (১৯৫৮, ১৯৬২) বেশ কিছু ফুটবলারের। আর্জেন্টিনার ড্যানিয়েল পাসারেলারও এই কৃতিত্ব রয়েছে। তবে এ বার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারলে মেসি প্রথম অধিনায়ক হিসাবে দু’বার বিশ্বজয় করবেন।

৫. বিশ্বকাপে মেসি এখনও পর্যন্ত আটটি গোল করেছেন। ফাইনালে গোল করতে পারলে আরও একটি কীর্তি গড়বেন তিনি। বিশ্বকাপ ফাইনালে বয়স্কতম ফুটবলার হিসাবে গোল করার কীর্তি গড়বেন। এখন এই রেকর্ড রয়েছে সুইডেনের নিলস লিডহোমের দখলে। ১৯৫৮ সালের ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে তিনি ৩৫ বছর ২৬৪ দিন বয়সে গোল করেছিলেন।

মেসিকে নিয়ে সতীর্থদের উল্লাস

৬. স্পেনের বিরুদ্ধে ফাইনালে গোল করতে পারলে আরও একটি রেকর্ড গড়বেন মেসি। আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার কীর্তি গড়বেন। ১৯৩০ সালের বিশ্বকাপে গিলেরমো স্ট্যাবিল আটটি গোল করেছিলেন আর্জেন্টিনার হয়ে। ৯৬ বছরের পুরনো সেই কীর্তিকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে।

৭. বিশ্বকাপ ফাইনালে দু’টি গোল করতে পারলে আরও একটি কীর্তি গড়বেন। বিশ্বের চতুর্থ এবং ইউরোপের বাইরে প্রথম ফুটবলার হিসাবে একটি বিশ্বকাপে ১০টি বা তার বেশি গোল করার কীর্তি গড়বেন মেসি। ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের জাস্ট ফতেঁ ১৩টি গোল করেছিলেন। যা এখনও বিশ্বরেকর্ড। এ ছাড়া ১৯৫৪ সালের বিশ্বকাপে হাঙ্গেরির স্যান্ডর কোসিস ১১টি এবং ১৯৭০ সালে পশ্চিম জার্মানির হয়ে গার্ড মুলার ১০টি গোল করেছিলেন।

৮. ১৯ জুলাই গোল করতে পারলে মেসি হবেন বিশ্বের ষষ্ঠ ফুটবলার, যিনি দু’টি বিশ্বকাপ ফাইনালে গোল করার কৃতিত্ব অর্জন করবেন। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে দু’টি গোল করেছিলেন মেসি। এমন কৃতিত্ব রয়েছে ব্রাজ়িলের ভাভা, পেলে, জার্মানির পল ব্রেইটনার, ফ্রান্সের জ়িনেদিন জ়িদান এবং কিলিয়ান এমবাপের।

গোলের পর মেসি

৯. ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে পারলে মেসি আরও একটি কীর্তি গড়বেন। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন দলের ফুটবলার হিসাবে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়বেন। এই রেকর্ড রয়েছে ব্রাজ়িলের রোনাল্ডোর দখলে। ২০০২ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সে বার রোনাল্ডো আট গোল করেছিলেন।

১০. গত বিশ্বকাপ ফাইনালে মেসির দু’টি গোল রয়েছে। এ বারের ফাইনালে আরও দু’টি গোল করতে পারলে এমবাপের রেকর্ড ছুঁয়ে ফেলবেন। বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ চার গোলের মালিক এমবাপে। স্পেনের বিরুদ্ধে বার্সেলোনার সাবেক এ তারকা হ্যাটট্রিক করতে পারলে গড়বেন নতুন বিশ্বরেকর্ড। বিশ্বকাপ ফাইনালে তাঁর গোল সংখ্যা হয়ে যাবে পাঁচ।

১১. আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে বিশ্বের তৃতীয় দেশ হিসাবে ফুটবলের বিশ্ব খেতাব ধরে রাখবে। পর পর দু’বার বিশ্বকাপ জয়ের নজির রয়েছে ব্রাজিল (১৯৫৮, ১৯৬২) এবং ইতালির (১৯৩৪, ১৯৩৮)। মেসি হবেন বিশ্বের বয়স্কতম ফুটবলার, যিনি টানা দু’বার বিশ্বকাপ জিতবেন। এখন এই রেকর্ড রয়েছে ব্রাজিলের নিলটন স্যান্টোসের দখলে। ১৯৬২ সালে ব্রাজিলের টানা দ্বিতীয় বার বিশ্বকাপ জয়ের সময় স্যান্টোসের বয়স ছিল ৩৭ বছর। তিনি ১৯৫৮ সালের চ্যাম্পিয়ন দলেরও সদস্য ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles