কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু-তে নিজের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। কেন্টের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের প্রথম দিনে ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন ৩৩ বছর বয়সী এই পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর দশম পাঁচ উইকেটের কীর্তি।
ক্যান্টারবুরির স্পোর্টস গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় কেন্ট। সবুজ উইকেটে শুরুতে অবশ্য সাফল্য পাচ্ছিল না তারা। মাইকেল জোন্স ও কিটন জেনিংসের ব্যাটে ল্যাঙ্কাশায়ার এগিয়ে যাচ্ছিল স্বচ্ছন্দেই। একপর্যায়ে তাদের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৮১ রান।
দ্বিতীয় সেশনে জেনিংসকে ৩০ রানে ফিরিয়ে সেই উদ্বোধনী জুটি ভাঙেন খালেদ। অফ স্টাম্পের বাইরের লেংথ বলে শট খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন ইংল্যান্ডের হয়ে ১৭ টেস্ট খেলা বাঁহাতি ব্যাটসম্যান।
পরের ওভারেই আরও দুই উইকেট হারায় ল্যাঙ্কাশায়ার। ৪৪ রান করা জোন্সকে ফেরান খালেদ। একই ওভারে অস্ট্রেলিয়ার হয়ে ১৪ টেস্ট খেলা মার্কাস হ্যারিসকে শূন্য রানে ফেরান ম্যাট মিল্নস।
এর পরের ওভারেই দ্বিতীয় উইকেটটি পান খালেদ। আগের ম্যাচে ফিফটি করা রকি ফ্লিন্টফ এবার রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ হন তাঁর ভেতরে ঢুকে আসা বলে। ইংল্যান্ডের সাবেক তারকা অ্যান্ড্রু ফ্লিন্টফের ছেলে রকি।
এক রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে ল্যাঙ্কাশায়ার। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। এক প্রান্ত আগলে রাখা ম্যাটি হার্স্টকেও ফেরান খালেদ। অফ স্টাম্প ঘেঁষা বলে দ্বিতীয় স্লিপে দারুণ ক্যাচ নেন টাওয়ান্ডা মুয়েয়ে। হার্স্ট অবশ্য দাবি করেছিলেন, বল মাটিতে পড়েছে। দুই আম্পায়ার আলোচনা করে আউটের সিদ্ধান্তই বহাল রাখেন।
এরপর ইনিংসের শেষ দুটি উইকেটও নিজের ঝুলিতে পুরে পাঁচ উইকেট পূর্ণ করেন খালেদ। স্ট্যানলির মিডল স্টাম্প উড়িয়ে দেন ভেতরে ঢুকে আসা দুর্দান্ত এক ডেলিভারিতে। পরের বলেই দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন জেমস অ্যান্ডারসন। পরপর দুই বলে দুই উইকেট নেওয়ায় পরের ইনিংসে হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছে খালেদের সামনে।
খালেদের সঙ্গে কেন্টের বোলিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মিল্নস। কেন্টের সফলতম বোলার ২৮ রানে নিয়েছেন ৪ উইকেট। তাঁদের বোলিংয়ে ১৬১ রানে গুটিয়ে যায় ল্যাঙ্কাশায়ার। অর্থাৎ উদ্বোধনী জুটির ৮১ রানের পর বাকি ১০ উইকেট মিলে তারা যোগ করতে পেরেছে আর ৮০ রান।
এর আগে কেন্ট বড় ধাক্কা খেয়েছিল আরেক বাংলাদেশি পেসার হাসান মাহমুদকে হারিয়ে। চার ম্যাচে ২৬ উইকেট নেওয়া হাসানকে জাতীয় দলের প্রয়োজনে দেশে ফিরিয়ে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে প্রকাশ্যেই হতাশা জানিয়েছিল কেন্ট। তখন অবশ্য খালেদের ওপর আস্থা রাখার কথা জানিয়েছিল কাউন্টি দলটি। দ্বিতীয় ম্যাচেই সেই আস্থার প্রতিদান দিলেন বাংলাদেশের এই পেসার।
কেন্টের হয়ে অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে ৭৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন খালেদ। দ্বিতীয় ইনিংসে ৬৪ রান দিয়েও পাননি কোনো উইকেট। এবার অবশ্য প্রথম দিনেই পাঁচ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
তবে বোলিংয়ে উজ্জ্বল দিনটি ব্যাটিংয়ে এসে কিছুটা ম্লান হয়েছে কেন্টের। একপর্যায়ে ৭ উইকেটে ১১৭ রানে চাপে পড়ে যায় তারা। শেষ পর্যন্ত দিন শেষ করেছে ৭ উইকেটে ১৫১ রান নিয়ে। ওপেনার জ্যাক ক্রলি অপরাজিত আছেন ৬৮ রানে।
ল্যাঙ্কাশায়ারের হয়ে ৪৪ বছর বয়সী জিমি অ্যান্ডারসন নিয়েছেন ৩ উইকেট। সমানসংখ্যক উইকেট পেয়েছেন আরেক অভিজ্ঞ পেসার টম বেইলিও।


