ত্রিদেশীয় সিরিজেও অনিশ্চিত নাহিদ রানা

জিম্বাবুয়ে সিরিজে পায়ের চোটে পড়ার পর থেকেই মাঠের বাইরে নাহিদ রানা। দীর্ঘ পুনর্বাসন শেষে সম্প্রতি বল হাতে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের এই পেসার। তবে পুরোপুরি ফিট না হওয়ায় আপাতত তাঁকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজেও খেলা হয়নি নাহিদের। চোটের চিকিৎসার জন্য একপর্যায়ে অস্ট্রেলিয়ায় গেলেও এখন দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি।

প্রায় দেড় মাস পর কয়েক দিন আগে আবারও বল হাতে অনুশীলনে ফিরেছেন নাহিদ। তবে আপাতত ছোট রানআপে বোলিং করছেন এই পেসার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ধীরে ধীরে তাঁকে পূর্ণ ছন্দে ফেরানোর চেষ্টা চলছে। এ কারণে তাঁর ফেরার ব্যাপারে তাড়াহুড়ো করতে চায় না টিম ম্যানেজমেন্ট।

আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে নাহিদ রানা থাকছেন না-এটি আগেই জানা গেছে। ওই টেস্টের পর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। বিসিবি সূত্রের আভাস, সেই সিরিজেও বিশ্রামে থাকতে পারেন নাহিদ।

ফলে আপাতত দেশের মাটিতেই পুনর্বাসন চালিয়ে যাবেন এই গতিতারকা। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠেয় টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তিনি। তবে দুই ম্যাচের সিরিজের একটি ম্যাচেই তাঁকে খেলানোর পরিকল্পনা থাকতে পারে।

এর পেছনে মূল লক্ষ্য নাহিদকে পুরোপুরি ফিট করে দক্ষিণ আফ্রিকা সিরিজে পাওয়া। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তাঁকে শতভাগ ফিট অবস্থায় দলে চাইছে বিসিবি। তাই চোট থেকে ফেরার পর পর্যায়ক্রমে ম্যাচ খেলার সুযোগ দিয়ে নাহিদকে প্রস্তুত করার পথেই হাঁটছে বোর্ড।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles