টেস্ট-ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ বাংলাদেশের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে হলে আজ দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
সফরে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন জিম্বাবুয়ের দুই পেসার রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। টেস্ট ও ওয়ানডে সিরিজের পর প্রথম টি-টোয়েন্টিতেও এই দুই বোলারের দাপটে ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশের। দুজনই ৪টি করে উইকেট নিয়ে ম্যাচের পার্থক্য গড়ে দেন।
দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও স্বীকার করেছেন, পুরো সফরেই এনগারাভা ও মুজারাবানিকে সামলাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তাঁর ভাষায়, এই দুই পেসারের বিপক্ষে আরও পরিকল্পিত ও স্মার্ট ক্রিকেট খেলতে হবে। সালাউদ্দিন বলেন, ‘টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি-সব সংস্করণেই তারা আমাদের ভুগিয়েছে। তাদের উচ্চতার কারণে যেকোনো উইকেট থেকেই বাড়তি বাউন্স বের করে আনতে পারে। পরের ম্যাচে সেটা মাথায় রেখেই ব্যাটিং করতে হবে।’
প্রথম টি-টোয়েন্টিতে ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হওয়ায় হতাশ কোচিং স্টাফও। সালাউদ্দিনের মতে, বুলাওয়ের উইকেট বাংলাদেশের মতোই ছিল এবং এই লক্ষ্য তাড়া করা সম্ভব ছিল। তবে শুরুতেই পাওয়ারপ্লেতে একাধিক উইকেট হারানো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পরে তাওহীদ হৃদয় ও ইয়াসির আলীর জুটি আশা জাগালেও হৃদয়ের আউটের পর আবারও ছন্দ হারায় দল। ব্যাটারদের একই ভুলের পুনরাবৃত্তি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন সালাউদ্দিন।
তাঁর মতে, সফরে প্রায় তিন সপ্তাহ কাটিয়ে দেওয়ার পরও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারা হতাশাজনক। তিনি আশা করছেন, দ্বিতীয় ম্যাচে ব্যাটাররা আরও দায়িত্বশীল ও পরিস্থিতি বুঝে খেলবেন। চোটের কারণে অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়।


