ওয়ার্নক থেকে মুসিয়ালা:মৃগীরোগের কুসংস্কার ভাঙছে ফুটবল

জামাল মুসিয়ালার পরিস্থিতি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ফুটবলে মৃগীরোগের (Epilepsy) বিষয়টি। এই রোগ নিয়ে সামাজিক ভয়, ভুল ধারণা ও বৈষম্য কাটিয়ে কীভাবে ফুটবল ক্যারিয়ার চালিয়ে যাওয়া সম্ভব, তা নিয়ে GOAL-এর সঙ্গে কথা বলেছেন সাবেক ইংলিশ ফুটবলার স্টিফেন ওয়ার্নক ও লিওন লেগে।

– স্টিফেন ওয়ার্নক: লিভারপুলের একাডেমি থেকে উঠে এসে ক্লাব ফুটবলে প্রায় ৫০০ ম্যাচ খেলেছেন, প্রতিনিধিত্ব করেছেন ইংল্যান্ড জাতীয় দলেরও। কিন্তু তাঁর ফুটবল জীবনের শুরুতে ছিল এক অজানা ভয়।

ছোটবেলায় একদিন স্কুলে কম্পিউটারের সামনে বসে কাজ করছিলেন ওয়ার্নক। মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে যায়। জ্ঞান হারানোর পর তাঁর জ্ঞান ফিরেছিল হাসপাতালের বিছানায়-বিভ্রান্ত, হতবাক ও আতঙ্কিত অবস্থায়। পাশে থাকা বন্ধুরা জানায়, তাঁর খিঁচুনি হয়েছিল। অথচ তখনও তিনি ছিলেন প্রতিশ্রুতিশীল এক তরুণ ফুটবলার, যাঁর আগে কোনো স্নায়বিক সমস্যার ইতিহাস ছিল না। এরপর আরও একবার একই ঘটনা ঘটে।

শুরু হয় একের পর এক পরীক্ষা—এমআরআই, সিটি স্ক্যান, যুক্তরাজ্যের অন্যতম সেরা নিউরোলজি সেন্টারে অসংখ্য চিকিৎসকের পরামর্শ। কিন্তু প্রতিটি পরীক্ষার ফলই ছিল স্বাভাবিক।

GOAL-কে ওয়ার্নক বলেন, “সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, আর এটা হয়তো শুনতে অদ্ভুত লাগবে, যখন আপনি এমআরআই করিয়ে বেরিয়ে আসেন এবং তারা বলে, ‘সবকিছু স্বাভাবিক’, তখন আপনার আতঙ্ক আরও বেড়ে যায়।”

শৈশবে মৃগীরোগে আক্রান্ত ছিলেন ওয়ার্নক। প্রায় তিন বছর ধরে তাঁর খিঁচুনি হয়েছিল, যা ১৪ বছর বয়সে বন্ধ হয়ে যায়। ওষুধের প্রয়োজন না হলেও আবার খিঁচুনি হওয়ার ভয় তাঁকে তাড়িয়ে বেড়াত।

নিজের রোগের কথা কখনো লিভারপুলকে জানাননি তিনি। জানাননি ব্ল্যাকবার্ন, অ্যাস্টন ভিলা, লিডস কিংবা তাঁর খেলা অন্য ছয়টি ক্লাবকেও। কারণটা ছিল ক্যারিয়ার হারানোর আশঙ্কা।

ওয়ার্নকের ভাষায়, “সম্ভাব্য ক্যারিয়ার হারানোর একটা ভয় থাকে। ভুল বুঝবেন না, আপনি তখন শিশু, কিন্তু আপনার স্বপ্ন ফুটবল খেলা। ধরুন, কোনো কারণে আমাকে ছেড়ে দেওয়া হলো এবং তারা বলল, ‘তুমি ঠিকমতো করতে পারোনি’, তখন সবসময় একটা সন্দেহ থেকে যেত—এটা কি মৃগীরোগের কারণে?”

দুই দশকেরও বেশি সময় পরও সেই ভয় যেন একই রকম প্রাসঙ্গিক। মৃগীরোগজনিত খিঁচুনির সমস্যার খবর সামনে আসার পর বায়ার্ন মিউনিখে জামাল মুসিয়ালার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ফুটবলারদের দীর্ঘদিনের ব্যক্তিগত অভিজ্ঞতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

মৃগীরোগ নিয়ে কি একজন ফুটবলার সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারেন? ওয়ার্নক ও GOAL-এর সঙ্গে কথা বলা অন্যদের অভিজ্ঞতা বলছে, মৃগীরোগ মানেই ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি নয়। কিন্তু রোগটি সম্পর্কে সমাজের অজ্ঞতা, ভয় ও ভুল ধারণার কারণে অনেকেই নিজেদের অভিজ্ঞতা প্রকাশ্যে বলতে চান না।

চ্যালেঞ্জটা তাই শুধু মৃগীরোগে আক্রান্ত ফুটবলারদের সর্বোচ্চ পর্যায়ে খেলার সক্ষমতা প্রমাণ করা নয়; বরং এমন পরিবেশ গড়ে তোলা, যেখানে ক্যারিয়ার হারানোর ভয় ছাড়াই তাঁরা নিজেদের রোগ ও অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলতে পারেন।

spot_imgspot_img
spot_img

Related Articles