২০২৬ বিশ্বকাপ শেষ হয়েছে হতাশা দিয়ে। ফাইনালে উঠেও শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে লিওনেল মেসিদের। আর ম্যাচ শেষ হওয়ার পরই নতুন করে আলোচনায় উঠে এসেছে একটি প্রশ্ন, আন্তর্জাতিক ফুটবলে মেসির ভবিষ্যৎ কী?
৩৯ বছর বয়সী এই তারকা এখনও জাতীয় দল থেকে অবসরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এমনকি তাকে ঘিরে ২০৩০ বিশ্বকাপ খেলার সম্ভাবনাও আলোচনা হচ্ছে। তবে এরই মধ্যে মেসির বিদায় ম্যাচ নিয়ে ভিন্ন এক প্রস্তাব দিয়েছেন আর্জেন্টিনায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত হোয়াকিন মারিয়া দে আরিস্তেগুই লাবোর্দে।
রেডিও মিত্রেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কেন আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালিসিমা ম্যাচটিকে লিওনেল মেসির জন্য একটি বিশেষ বিদায় অনুষ্ঠানে পরিণত করা হবে না?’
স্প্যানিশ এই কূটনীতিকের মতে, ফুটবল বিশ্বের প্রাপ্য এই দুই পরাশক্তির আরেকটি মহারণ। তিনি বলেন, ‘ফুটবল এই দুই দলের আরেকটি ম্যাচ পাওয়ার যোগ্য। আমি আশা করি ভবিষ্যতে সেটি সম্ভব হবে।’
মূলত ২০২৬ সালের মার্চে কাতারের দোহায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে ফাইনালিসিমা হওয়ার কথা ছিল। তবে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ভেন্যু ও সূচি নিয়ে জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
মাদ্রিদ, বুয়েনস আইরেস ও রোমকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। ফলে ম্যাচটি স্থগিত হয়ে পরে পুরো পরিকল্পনাই বাতিল হয়ে যায়।
যদিও ফাইনালিসিমা হয়নি, বিশ্বকাপের ফাইনালে আবারও মুখোমুখি হয়েছিল দুই দল। তবে সেখানে স্পেন ছিল পুরোপুরি আধিপত্য বিস্তারকারী দল। পুরো ম্যাচে আর্জেন্টিনা স্পেনের গোলমুখে অন টার্গেটে একটি শটও নিতে পারেনি।
এমন পরিস্থিতিতে আবারও ফাইনালিসিমা আয়োজনের আলোচনা সামনে এসেছে। আর যদি সেই ম্যাচ বাস্তবায়িত হয়, তবে সেটিই হয়তো হতে পারে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন বিদায়ের মঞ্চ। তবে শেষ সিদ্ধান্তটি অবশ্যই নির্ভর করছে মেসি নিজে কী চান, তার ওপর।


