মার্চে নেপালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

মার্চে নেপালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ বাংলাদেশ-। নেপাল দ্বিপক্ষীয় ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আগামী বছরের মার্চে নেপাল সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ভয়াবহ বন্যায় প্রাণ হারানো নেপালিদের স্মরণে উৎসর্গ করা হবে পুরো সিরিজটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার বিষয়টি নিশ্চিত করেছে। কাঠমান্ডুতে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৬, ২৮ ও ৩০ মার্চ। এটি হবে দুই দেশের পুরুষ জাতীয় দলের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। একই সঙ্গে নেপালের মাটিতে বাংলাদেশের এটিই হবে প্রথম পূর্ণাঙ্গ সফর।

বিশ্বকাপেই দুই দলের দেখা

বাংলাদেশ ও নেপাল এখন পর্যন্ত ওয়ানডেতে মুখোমুখি হয়নি। টি-টোয়েন্টিতে অবশ্য দুই দলের দেখা হয়েছে দুবার। ২০১৪ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেপাল। দুই ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ।

এবার আর নিরপেক্ষ ভেন্যু নয়, নেপালের মাটিতেই তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই দল।

বন্যায় নিহতদের স্মরণে সিরিজ

সম্প্রতি ভয়াবহ বন্যা ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়েছে নেপালের বিভিন্ন অঞ্চল। ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে হিমবাহ ধসের পর সৃষ্ট আকস্মিক বন্যায় উত্তর ও মধ্য নেপালের শহর ও গ্রামগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বন্যায় প্রাণহানির সংখ্যা ১ হাজার ৩৯৯-এ পৌঁছেছে বলে মঙ্গলবারের এক প্রতিবেদনে জানিয়েছে দ্য হিন্দু। ক্ষতিগ্রস্ত আটটি জেলা থেকে উদ্ধার করা হয়েছে ১৩ হাজারের বেশি মানুষ।

এই পরিস্থিতিতে বাংলাদেশ-নেপাল সিরিজকে নিহতদের স্মৃতির প্রতি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ক্রিকেটের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যও রয়েছে এই আয়োজনের।

বিসিবি জানিয়েছে, শোকের এই সময়ে সিরিজটি দুই দেশের মানুষের একত্র হওয়ার এবং নেপালের মানুষের পাশে থাকার একটি প্রতীকী সুযোগ তৈরি করবে।

ক্রিকেট উন্নয়নেও সহযোগিতা

শুধু দ্বিপক্ষীয় সিরিজ নয়, নেপালের ক্রিকেট উন্নয়নেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বিসিবি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর আলোচনার মাধ্যমে সিরিজ আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়। বুধবার বিসিবিতে এসে রাষ্ট্রদূত বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন। সেখানে বাংলাদেশ-নেপাল ক্রিকেট সিরিজের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

বিসিবির পরিকল্পনায় ভবিষ্যতে দুই দেশের পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ রয়েছে। ফলে মার্চের তিন ম্যাচের সিরিজটি শুধু একটি ক্রিকেট আয়োজন নয়, বাংলাদেশ-নেপাল ক্রিকেট সম্পর্ক আরও বিস্তৃত করারও একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles