নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য! আগামী ১৯ নভেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ রাইজিং স্টার্সের এবারের আসর। কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া আট দলের এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশও। প্রতিযোগিতাকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। প্রধান কোচ সোহেল ইসলামের অধীনে চলবে এই প্রস্তুতি। দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর এবার যুবাদের নিয়ে কাজ করার নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক এই অধিনায়ক।
নতুন দায়িত্ব নিয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আশরাফুল। তিনি তিনি বলেন, ‘নিজের সেরাটা দিতে চাই। বিসিবি দায়িত্ব দিয়েছে, নিজের কাজটা করতে হবে তো।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য শক্তিশালী দল গঠনের পরিকল্পনা রয়েছে বোর্ডের। জাতীয় দলের বাইরে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের নিয়েই দল সাজানোর ভাবনা তাদের।
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দল, আফগানিস্তান ‘এ’ দল ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে ভারত ‘এ’ দল, পাকিস্তান ‘এ’ দল, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত জাতীয় দল। পুরো প্রতিযোগিতাই অনুষ্ঠিত হবে ৫০ ওভারের ফরম্যাটে।
১৯ নভেম্বর উদ্বোধনী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে লড়বে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ২০ নভেম্বর পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত এবং ভারত-নেপাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে হংকং, অন্য ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।
২২ নভেম্বর মাঠে গড়াবে ভারত-পাকিস্তান মহারণ। একই দিনে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। ২৩ নভেম্বর আফগানিস্তান-হংকং ম্যাচের পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৪ নভেম্বর ভারত-সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের লড়াই।
এরপর ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ২৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের এশিয়া কাপ রাইজিং স্টার্সের।




