শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জয়ের আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেল পাকিস্তান। ফাইনালে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় মন্থর ওভার রেটের দায়ে শাস্তি পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও তাঁর দলের সতীর্থরা। খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কার দেওয়া ৩২৬ রানের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় পাকিস্তান। ওয়ানডে ফাইনালের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে শিরোপা ঘরে তোলে স্বাগতিকরা।
তবে মাঠের এই সাফল্যের পরও নিয়ম ভঙ্গের কারণে জরিমানার মুখে পড়তে হয়েছে পাকিস্তান দলকে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আইসিসি। সংস্থাটির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো পাকিস্তানের ওপর এই শাস্তি আরোপ করেন।
নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করায় আইসিসির আচরণবিধি অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। নিয়ম অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম করার জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা গুনতে হয়।
পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি নিজের দলের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।




