ফিফার বিরুদ্ধে নৈতিক অভিযোগ আনতে চায় নরওয়ে ফুটবল ফেডারেশন

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের বিশ্বকাপে এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার ঘটনায় ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক নৈতিক অভিযোগ আনার উদ্যোগ নিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। সংস্থাটির সভাপতি লিসে ক্লাভেনেস জানিয়েছেন, বিষয়টি তিনি ফেডারেশনের পরিচালনা পর্ষদের সভায় উত্থাপন করবেন এবং অনুমোদন পেলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন।

ব্রিটিশ দৈনিক দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ক্লাভেনেস বলেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উচিত প্রকাশ্যে স্বীকার করা যে বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্তটি ছিল একটি ভুল। তাঁর দাবি, ফুটবল অঙ্গনের অনেকেই জানেন যে সিদ্ধান্তটি যথাযথ প্রক্রিয়ায় হয়নি এবং এর পেছনে বাহ্যিক চাপ কাজ করেছে।

লাল কার্ড পেয়েও পরের ম্যাচে খেলা

বিশ্বকাপে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন বালোগুন। তবে ফিফার শৃঙ্খলা কমিটি সেই নিষেধাজ্ঞা স্থগিত করায় তিনি বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারেন।

ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানান, তিনি ইনফান্তিনোর কাছে বালোগুনের লাল কার্ডের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। পরে ট্রাম্প বলেন, ফিফা দারুণ সিদ্ধান্ত নিয়েছে। যদিও ইনফান্তিনো বরাবরই দাবি করে আসছেন, ফিফার বিচারিক সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করে।

এভাবে নিয়ম পরিবর্তন বিপজ্জনক

ক্লাভেনেসের ভাষায়, ‘এভাবে নিয়ম পরিবর্তন করা অত্যন্ত বিপজ্জনক নজির। এতে ফুটবলের মৌলিক নীতিই ঝুঁকির মুখে পড়ে। রাষ্ট্রীয় নেতাদের চাপে যদি সিদ্ধান্ত বদলানো হয়, তাহলে ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপের সীমারেখাও পরিবর্তিত হবে।’

তিনি আরও প্রশ্ন তোলেন, এত গুরুত্বপূর্ণ ও বিতর্কিত একটি সিদ্ধান্ত কেন ফিফার শৃঙ্খলা কমিটির মাত্র একজন সদস্য নিয়েছিলেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল কামালি একাই বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত দেন।

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের

ক্লাভেনেস বলেন, ‘যখন কোনো সিদ্ধান্তের ওপর বাইরের শক্তিশালী প্রভাব থাকার আশঙ্কা থাকে, তখন একাধিক ব্যক্তির মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। একজনের হাতে এমন সিদ্ধান্ত দেওয়া ভুল ছিল।’

তিনি মনে করেন, বিষয়টি চাপা দিয়ে রাখা সম্ভব নয়, কারণ ফুটবল বিশ্বের অনেকেই এই ঘটনায় উদ্বিগ্ন। তাঁর আশা, এই বিতর্ক ভবিষ্যতে ফুটবলের প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আলোচনা আরও জোরালো করবে।

দ্য টাইমস জানিয়েছে, ট্রাম্পকে ফিফা পিস প্রাইজ দেওয়ার ঘটনায় যে নৈতিক অভিযোগ আগে থেকেই রয়েছে, ক্লাভেনেস চান বালোগুনের ঘটনাটিও সেই অভিযোগের সঙ্গে যুক্ত করা হোক।

এদিকে ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর সম্পর্ক এবং রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘনের অভিযোগে ইতোমধ্যেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছেও একটি অভিযোগ জমা পড়েছে। গত মাসে নরওয়ে ফুটবল ফেডারেশনও ফিফার নৈতিকতা কমিটিকে এ বিষয়ে তদন্তের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে।

ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করেছে ইএসপিএন, তবে তাৎক্ষণিকভাবে সংস্থাটির কোনো মন্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles