মেসি গোল করলেও পয়েন্ট ভাগাভাগি মায়ামির

মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল ন্যাশভিলের বিপক্ষে নাটকীয় এক ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। শনিবার রাতের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ফুটবল জাদুকর লিওনেল মেসি মৌসুমের তার ১৯তম গোলটি করলেও দলকে জয় এনে দিতে পারেননি। যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল হজম করায় পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে ইন্টার মায়ামিকে।

ম্যাচ শুরুর চতুর্থ মিনিটেই ধাক্কা খায় মায়ামি। অ্যান্ডি নাজারের দারুণ এক পাস থেকে গোল করে ন্যাশভিলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ফরোয়ার্ড স্যাম সারিজ। এটি ছিল এই মৌসুমে সারিজের ১৪তম গোল। তবে প্রাথমিক বিপর্যয় সামলে উঠে দ্রুতই খেলায় ফেরে ইন্টার মায়ামি। ম্যাচের ১৯তম মিনিটে কর্নার কিক থেকে গোল পরিশোধ করে তারা। ন্যাশভিলের ডিফেন্ডার রিড বাকের-হোয়াইটিং নিজেদের জালেই বল জড়িয়ে দিলে আত্মঘাতী গোলের সুবাদে ১-১ সমতায় ফেরে মায়ামি।

প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ পেয়েছিল মায়ামি। ২৭তম মিনিটে ডিবক্সের বাইরে থেকে মেসির নেওয়া একটি শট ন্যাশভিলের ডিফেন্সে বাধা পায়। এর কিছুক্ষণ পর একটি ফ্রি-কিক পেলেও লক্ষ্যভ্রষ্ট শট নেন মেসি।

দ্বিতমার্ধে এসে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পান আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। ৬২তম মিনিটে রদ্রিগো দি পলের বাড়ানো পাস থেকে ডিবক্সের বাইর থেকে বাম পায়ের অসাধারণ এক শটে বল জালে পাঠান মেসি। বলটি ন্যাশভিলের গোলরক্ষককে পরাস্ত করে শেষ পর্যন্ত নিচু হয়ে বাম কোণ দিয়ে জালে প্রবেশ করে। চলতি মৌসুমে এটি ছিল মেসির এমএলএস লিগ-সেরা ১৯তম গোল।

মেসি গোল করলেও পয়েন্ট ভাগাভাগি মায়ামির
বল নিয়ে এগিয়ে যাচ্ছেন মেসি

এই গোলের মাধ্যমে মায়ামি এ মৌসুমে ন্যাশভিলের বিপক্ষে প্রথম জয়ের সুবাস পাচ্ছিল। কিন্তু ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটেই ছন্দপতন ঘটে। স্যাম সারিজ নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করে ম্যাচ ২-২ সমতায় ফেরান।

এই ড্রয়ের ফলে চলতি মৌসুমে মায়ামির বিপক্ষে চার দেখার প্রতিটিতেই অপরাজিত থাকার রেকর্ড বজায় রাখল ন্যাশভিল। একই সঙ্গে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মায়ামির চেয়ে ৯ পয়েন্টের ব্যবধান রেখে শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ন্যাশভিল। এর আগে গত ১৫ আগস্টের দেখায় মায়ামিকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল তারা এবং চলতি বছরের শুরুতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকেও মায়ামিকে বিদায় করেছিল এই দলটি।

সামনে দুটি দলেরই গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আগামী শনিবার ঘরের মাঠে শিকাগো ফায়ারের আতিথেয়তা নেবে ন্যাশভিল। অন্যদিকে, আগামী বুধবারে চ্যাম্পিয়ন্স কাপ বা কোম্পেয়ানেস কাপের ম্যাচে মেক্সিকান লিগা এমএক্সের ক্লাব ক্রুজ আসুলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles