এলপিএলে জাফনা কিংসে যোগ দিচ্ছেন তাওহীদ হৃদয়

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বাংলাদেশি ক্রিকেটারদের সংখ্যা আরও বাড়ছে। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও নুরুল হাসান সোহানের পর এবার টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন তাওহীদ হৃদয়। জাফনা কিংসে যোগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন এই ডানহাতি ব্যাটার।

বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। একই দলে ইতোমধ্যেই খেলছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ফলে জাফনা কিংসে এবার দুই বাংলাদেশিকে একসঙ্গে দেখা যাবে।

এলপিএলের প্লেয়ার্স ড্রাফটে হৃদয়ের ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার মার্কিন ডলার। তবে ড্রাফটে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেয়নি। টুর্নামেন্ট শুরু হওয়ার পর দলবদলের সুযোগে তাকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস।

তবে মাঠের পারফরম্যান্সের আগেই আলোচনায় এসেছে জাফনা কিংস। টুর্নামেন্ট শুরুর আগে দুর্নীতির অভিযোগ ওঠায় ভারতীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে সরিয়ে দিয়ে ফ্র্যাঞ্চাইজিটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এটি হবে এলপিএলে হৃদয়ের তৃতীয় আসর। ২০২৩ সালে জাফনা কিংসের জার্সিতে ৬ ম্যাচে একটি অর্ধশতকের সাহায্যে ১৫৫ রান করেছিলেন তিনি। সেই আসরে তার স্ট্রাইক রেট ছিল ১৩৫.৯৬। তবে ২০২৪ মৌসুমটি ভালো কাটেনি। ডাম্বুলা সিক্সার্সের হয়ে তিন ম্যাচ খেলেও দুই ইনিংসে করতে পেরেছিলেন মাত্র ১ রান।

এর আগে গল গ্যালান্টসের হয়ে খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছেন নুরুল হাসান সোহান। ইনজুরিতে ছিটকে পড়া লিটন কুমার দাসের পরিবর্তে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে গল গ্যালান্টসের হয়ে তাসকিন আহমেদেরও খেলার কথা ছিল। কিন্তু আসন্ন অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজের প্রস্তুতির কথা বিবেচনা করে এলপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই পেসার। তার পরিবর্তে রিপন মণ্ডলকে নেওয়ার গুঞ্জন থাকলেও এ বিষয়ে এখনো বিসিবির কাছে আনুষ্ঠানিক কোনো আবেদন আসেনি।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles