এশিয়ান গেমস টি-২০ ক্রিকেটে বাংলাদেশ সরাসরি নকআউটে

এশিয়ান গেমস ক্রিকেট ২০২৬

এ বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্টে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মত বাংলাদেশও সরাসরি নকআউট পর্বে খেলবে। এই ৪ দলের সঙ্গে মূল পর্বে যোগ দিতে প্রথম রাউন্ডে খেলবে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান।

২৩ জুলাই এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের গ্রুপ চূড়ান্ত করে ড্র অনুষ্ঠিত হয়েছে। পুরুষ বিভাগে ১০টি দল শিরোপার জন্য লড়বে আর নারী বিভাগে অংশ নেবে মোট ৮টি দল। মেয়েদের ক্রিকেট ইভেন্টের খেলা কোয়ার্টার ফাইনাল পর্ব দিয়ে শুরু হবে। ভারত- জাপান, বাংলাদেশ-চীন, শ্রীলঙ্কা- মালয়েশিয়া এবং পাকিস্তান- থাইল্যান্ড কোয়ার্টারে একে অপরের বিপক্ষে খেলবে। মেয়েদের ক্রিকেট ইভেন্ট চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

অপরদিকে টি-টোয়েন্টি সংস্করণের এই আসরে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ছেলেদের ক্রিকেট ইভেন্ট। প্রথম পর্বে ‘এ’ গ্রুপে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে হংকং, মালয়েশিয়া ও ওমান খেলবে। দুই গ্রুপের শীর্ষ ২টি করে দল সরাসরি মূল পর্বে অর্থাৎ নকআউটে খেলবে। সব ম্যাচই অনুষ্ঠিত হবে জাপানের নাগোয়া সিটিতে।

সর্বশেষ আসর ২০২৩ সালের এশিয়ান গেমসে ছেলে ও মেয়েদের উভয় ক্রিকেট ইভেন্টে সোনা জিতেছিল ভারত। সেবার পুরুষ বিভাগের ফাইনালে আফগানিস্তান ১৮.২ ওভার খেলার পর বৃষ্টিতে ম্যাচ পন্ড হয়ে যায়। র‌্যাঙ্কিংয়ে আফগানদের চেয়ে শ্রেয়তর অবস্থানে থাকায় ভারতকে স্বর্ণপদক বিজয়ী ঘোষণা করা হয়। মেয়েদের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে সোনার পদক জিতে নিয়েছিল ভারতীয় মেয়েরা। আর বাংলাদেশ ছেলেদের ক্রিকেট ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles