চুক্তিতে থেকেও পাকিস্তান সিরিজে ‘না’ আলজারি জোসেফের

পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার আলজারি জোসেফকে পাওয়া যাচ্ছে না। তবে তার অনুপস্থিতির কারণ নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের দেওয়া তথ্যের সঙ্গে দলের প্রধান কোচ ড্যারেন স্যামির বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে।

স্কোয়াড ঘোষণার সময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ব্যক্তিগত কারণে পাকিস্তান সিরিজে থাকছেন না আলজারি। কিন্তু প্রথম টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে কোচ স্যামি জানান, চোট থেকে ফিরে স্কোয়াডে জায়গা পাওয়ার পরও নিজ সিদ্ধান্তে সিরিজে খেলতে রাজি হননি এই পেসার।

স্যামির ভাষ্য, আলজারির অনুপস্থিতি ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কা। তিনি জানান, দলে থাকার জন্য নির্বাচিত হলেও শেষ পর্যন্ত খেলতে অস্বীকৃতি জানিয়েছেন এই পেসার।

তবে কেন আলজারি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ। বিষয়টি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এখতিয়ারে বলে উল্লেখ করে তিনি জানান, নির্বাচিত হওয়ার পর কোনো চুক্তিবদ্ধ খেলোয়াড় খেলতে অস্বীকৃতি জানালে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বোর্ডের।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য ভালো ছন্দেই ছিলেন আলজারি। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে ছয়টি উইকেট নেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও কার্যকর পারফরম্যান্স করেন তিনি। সিরিজের প্রথম ওয়ানডেতে ৪১ রান দিয়ে চার উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এই পেসার।

আলজারিকে ছাড়া পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে মূল দায়িত্ব থাকবে শামার জোসেফ, কেমার রোচ ও জেইডেন সিলসের ওপর। পেস বোলিংয়ের বিকল্প হিসেবে স্কোয়াডে থাকছেন অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও কিমো পল।

স্পিন বিভাগে ওয়েস্ট ইন্ডিজের ভরসা জোমেল ওয়ারিকান। তার সঙ্গে রয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা জশুয়া বিশপ এবং অধিনায়ক রোস্টন চেজ।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫–২৭ চক্রের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজ। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৫ জুলাই তারুবায় ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে। ম্যাচটি শেষ হবে ২৮ জুলাই।

এরপর ২ আগস্ট থেকে পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচটি চলবে ৬ আগস্ট পর্যন্ত।

পাকিস্তান সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, টেগেনারাইন চন্দরপল, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, শাই হোপ, আমির জানগু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কার্ক ম্যাকেঞ্জি, কিমো পল, কেমার রোচ ও জেইডেন সিলস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles