অভিজ্ঞ মোহাম্মদ নবীকে বাদ দিয়ে আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড ঘোষণা। সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে নবী ছাড়াও নেই বিলাল সামি এবং ফরিদ মালিক।
আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর।
তবে দলে ফেরানো হয়েছে বাঁহাতি পেসার ফজলহক ফারুকীকে। এছাড়া রাখা হয়েছে ইয়ামিন আহমেদজাই এবং সেলিম সাফিকে। সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে নবী ছাড়াও নেই বিলাল সামি এবং ফরিদ মালিক।
সবশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। কিছুদিন আগেই ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাশমতউল্লাহ শহীদি। এবারের স্কোয়াডে শহীদিকে রাখা হয়েছে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া রহমত শাহের অধীনে প্রথম সিরিজ হতে যাচ্ছে এটি। যেখানে রহমানউল্লাহ গুরবাজ থাকবেন সহ-অধিনায়কের দায়িত্বে।
আগামী ৫ আগস্ট প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে আয়ারল্যান্ড-আফগানিস্তান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ৭ আগস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ওয়ানডে হবে মাঘেরামাসনের ব্রেডি ক্রিকেট ক্লাব মাঠে।
সিরিজের বাকি তিন ওয়ানডে যথাক্রমে ১০, ১২ এবং ১৫ আগস্ট। শেষের তিন ওয়ানডের ভেন্যু বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে।
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াডঃ রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (সহ-অধিনায়ক), ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, নানগেয়াল খারোটি, রশিদ খান, এএম গাজানফার, ইয়ামিন আহমেদজাই, সেলিম সাফি, ফজলহক ফারুকী, জিয়া উর রহমান শরিফি।


