শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলবেন আরও দুই বাংলাদেশি। তারা হলেন তাওহিদ হৃদয় এবং রিপন মণ্ডল। দুজনে ইতোমধ্যে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ালও দিয়েছেন।
অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিতে দেশে ফিরে আসছেন কলম্বোর বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। সেখানেই রিপন মণ্ডলকে দলে টেনেছে কলম্বো ক্যাপস। অন্যদিকে জাফনা কিংসে খেলবেন তাওহিদ হৃদয়। এই নিয়ে তৃতীয়বার এলপিএলে খেলতে যাচ্ছেন হৃদয়।
হৃদয় প্রথমবার ২০২৩ সালের আসরে জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচে ১ ফিফটি এবং ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে করেছিলেন ১৫৫ রান। ২০২৪ সালে ডাম্বুলা সিক্সার্সের হয়ে তিন ম্যাচে দুই ইনিংস খেলে মাত্র ১ রান করেছিলেন তিনি। এবার দ্বিতীয়বার জাফনা কিংসের জার্সিতে এলপিএল মাতাবেন তাওহিদ হৃদয়।
বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন তিনি। অন্যদিকে রিপন মণ্ডল বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন। এর আগে ‘এ’দল, বয়সভিত্তিক দলেও খেলেছেন। রাইজিং স্টার্স এশিয়া কাপেও বল হাতে আলো ছড়িয়েছিলেন রিপন।
এবার এলপিএলে খেলবেন কলম্বো ক্যাপসের জার্সিতে, হাসান মাহমুদের বদলি হিসেবে। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে হাসান ফিরে আসছেন দেশে। হৃদয়-রিপন ছাড়াও এবারের এলপিএলে খেলছেন মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান। মিরাজ এবং সোহান খেলছেন গল গ্যালান্টসে। লিটন দাসকে গল নিলেও চোটের কারণে লিটন ছিটকে গেলে গল বদলি হিসেবে দলে ডাকে সোহানকে।
অন্যদিকে সাকিব খেলছেন জাফনা কিংসে। জাফনাতেই খেলবেন তাওহিদ হৃদয়। এই দলের হয়ে তাসকিন আহমেদের খেলার কথা থাকলেও অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে দেশে ফিরেছেন তিনি।


