আছেন জাকির-অঙ্কন-বিপ্লব
অস্ট্রেলিয়া সফরের জন্য জাতীয় দলের স্কোয়াড ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আরও একটি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ ও চারদিনের ম্যাচকে সামনে রেখে এবার ১৫ সদস্যের বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াড প্রকাশ করেছে বোর্ড।
ঘোষিত দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার জাকির হাসান, উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এছাড়া তরুণদের সঙ্গে অভিজ্ঞতার মিশেলে দল সাজিয়েছে বিসিবি।
আগামী সোমবার (২৮ জুলাই) দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ইমার্জিং দল। ত্রিদেশীয় সিরিজে তাদের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল এবং যুক্তরাষ্ট্র ‘এ’ দল।
আগামী ১ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ৩ আগস্ট যুক্তরাষ্ট্র ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ৭ আগস্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ আগস্ট আবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১২ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে।
ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার পর সফরের দ্বিতীয় ধাপে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ শুরু হবে ১৬ আগস্ট, আর দ্বিতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৩ আগস্ট। পুরো সফর শেষে ২৭ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে দলের।
বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াড:
জাকির হাসান, মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন, সামিউন বাসির রাতুল, মঈন খান, রোহানাত দৌল্লা বর্ষণ, এনামুল হক, ইরফান শুক্কুর, মাহিদুল ইসলাম অঙ্কন, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, আবু হাশিম, হাবিবুর রহমান সোহান ও আমিনুল ইসলাম বিপ্লব।


