নতুন মৌসুমের প্রস্তুতিতে জয় পেয়েই যাত্রা শুরু করেছে লিভারপুল। তবে প্রাক-মৌসুমের প্রথম ম্যাচে জয়ের আনন্দের মাঝেই বড় ধাক্কা খেয়েছে অলরেডরা। দলের অধিনায়ক ও ইংলিশ ডিফেন্ডার জো গোমেজ ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়ায় দুশ্চিন্তায় পড়েছেন নতুন কোচ আন্দোনি ইরাওলা।
শনিবার যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে সান্ডারল্যান্ডকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল। দলের হয়ে গোল করেন কিয়েরান মরিসন, ডমিনিক সোবোসলাই, ফেদেরিকো কিয়েসা এবং লুইস কৌমাস।
তবে ম্যাচের অষ্টম মিনিটেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন সেন্টার-ব্যাক জো গোমেজ। তার দ্রুত মাঠ ছাড়ায় রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ইরাওলাকে।
এমনিতেই লিভারপুলের ডিফেন্সে খেলোয়াড় সংকট রয়েছে। নতুন যোগ দেওয়া জেরেমি জ্যাকেট এখনো পুরোপুরি ফিট নন। কাঁধের চোট কাটিয়ে ধীরে ধীরে দলে ফিরছেন তিনি। অন্যদিকে জিওভান্নি লিওনিও দীর্ঘমেয়াদি ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন।
ম্যাচ শেষে গোমেজের চোট নিয়ে হতাশা প্রকাশ করেন ইরাওলা।
‘সম্ভবত সবচেয়ে খারাপ খবর হলো ম্যাচের শুরুতেই এমন একটি চোট পাওয়া। পুরো অনুশীলন পর্বে আমরা কাউকে হারাইনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রথম ম্যাচেই জোকে হারালাম,’ বলেন লিভারপুল কোচ।
জেরেমি জ্যাকেটকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না বলেও জানিয়েছেন তিনি।
‘জেরেমির ক্ষেত্রে আমরা ধীরে এগোচ্ছি। কাঁধের চোটের কারণে সে অনেক মাস মাঠের বাইরে ছিল। তাই তাকে নিয়ে কোনো তাড়াহুড়া করতে চাই না। আশা করছি, যুক্তরাষ্ট্র সফরের শেষ ম্যাচে সে খেলতে পারবে এবং ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরে পাবে,’ যোগ করেন ইরাওলা।
নতুন কোচের অধীনে জয় দিয়ে প্রস্তুতি শুরু করলেও, মৌসুম শুরুর আগেই রক্ষণভাগে চোটের মিছিল লিভারপুলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


