টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) ঐতিহ্যবাহী ‘অল-স্টার গেম’ মিস করতে যাচ্ছেন সাবেক বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। তবে গত মৌসুমের মতো এবার আর কোনো শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হচ্ছে না এই আর্জেন্টাইন অধিনায়ককে। এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এমএলএস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, মেসিকে এবার অল-স্টার গেম থেকে পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে এবং এর জন্য তাকে কোনো নিষেধাজ্ঞা পোহাতে হবে না।
গত মৌসুমে অল-স্টার গেমে অংশ না নেওয়ার কারণে এমএলএস-এর নিয়মানুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন মেসি। লিগের সেই সিদ্ধান্তকে ‘অত্যন্ত কঠোর ও নির্দয়’ বলে আখ্যা দিয়েছিলেন ইন্টার মায়ামির সহ-মালিক জোর্হে মাস। সেই সঙ্গে তিনি জানান, লিগের এই শাস্তিতে মেসি নিজে মারাত্মক ক্ষুব্ধ ও হতাশ হয়েছিলেন। তবে চলতি ২০২৬ মৌসুমে এসে লিগ কর্তৃপক্ষ তাদের অবস্থান শিথিল করেছে।
বিশ্বকাপ ফুটবলই কারণ
এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে সাম্প্রতিক সমাপ্ত বিশ্বকাপ ফুটবল। গত ১৯ জুলাই বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে অংশ নিয়েছিলেন লিওনেল মেসি এবং তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দি পল। বিশ্বকাপ পরবর্তী খেলোয়াড়দের অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ এবং তাদের পর্যাপ্ত বিশ্রামের কথা বিবেচনা করেই এমএলএস ও এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে সিদ্ধান্ত পরিবর্তন করেছে। নতুন সমঝোতা অনুযায়ী, বিশ্বকাপ শেষে খেলোয়াড়রা ক্লাবে ফিরলে তাদের শারীরিক সক্ষমতা ও বিশ্রামের প্রয়োজনীয়তা পর্যালোচনা করে অনুশীলনে ফেরার সময়সীমা নির্ধারণ করা হবে। এই নিয়মের আলোকেই মেসি ও দি পল দুজনকেই ২০২৬ অল-স্টার গেম থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্বকাপের পর থেকে ইন্টার মায়ামির হয়ে শিকাগো ফায়ার এবং সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচ দুটিতেও মাঠে নামেননি মেসি ও দি পল। মূলত ফুটবলারদের স্বার্থরক্ষাকারী বৈশ্বিক সংস্থা ‘ফিফপ্রো’ ও ফিফার মধ্যকার চুক্তি অনুযায়ী, প্রতিটি মৌসুম শেষে ফুটবলারদের জন্য ২১ দিনের বাধ্যতামূলক বিশ্রামের নিয়ম রয়েছে, যা এখানে অনুসরণ করা হচ্ছে।
আরও যারা খেলছেন না
মেসি ও দি পল ছাড়াও দক্ষিণ আফ্রিকান ডিফেন্ডার ম্বেকেজেলি এমবোকাজি এবং চলতি মৌসুমের গোল্ডেন বুট দৌড়ে শীর্ষে থাকা হুগো কাইপার্সকে অল-স্টার গেম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কাইপার্স সম্প্রতি মেক্সিকান ক্লাব মোন্তেরেইতে স্থানান্তরিত হওয়ার কারণে অল-স্টার দল থেকে বাদ পড়েছেন। এই চার ফুটবলারের শূন্যস্থান পূরণে মায়ামির ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কিউবাস, হিউস্টন ডায়নামোর গিলহার্মে এবং শিকাগো ফায়ারের ফিলিপ জিঙ্কারনাগেলকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মেসি না থাকলেও বুধবারে উত্তর ক্যারোলিনার শার্লটে মেক্সিকান লিগ ‘লিগা এমএক্স অল-স্টার্স’-এর মুখোমুখি হবে এমএলএস অল-স্টার দল।


