বিশ্বকাপে আরও বেশি দলকে সুযোগ দিতে চায় আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপকে আরও বৈশ্বিক রূপ দিতে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। প্রস্তাব অনুযায়ী, ২০৩২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বর্তমান ২০ দলের পরিবর্তে ২৪টি দল অংশ নিতে পারে। ক্রিকেটের প্রসার এবং অ্যাসোসিয়েট সদস্য দেশগুলোর জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে সংস্থার নীতিনির্ধারকেরা ধাপে ধাপে বিশ্বকাপের পরিধি বাড়ানোর বিষয়ে ইতিবাচক। ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা ৩২-এ উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে। তবে প্রতিযোগিতার মান অক্ষুণ্ন রাখতে এক ধাপে এত বড় পরিবর্তনের বদলে ধীরে ধীরে দল বাড়ানোর পথেই হাঁটতে চায় আইসিসি।

গত দুই বিশ্বকাপে দল ছিল ২০টি

গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল অংশ নিয়েছে। এর আগে ২০২২ সাল পর্যন্ত এই আসরে খেলত ১৬টি দেশ। সাম্প্রতিক সময়ে নেপাল, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্রের মতো অ্যাসোসিয়েট সদস্য দেশগুলোর প্রতিযোগিতামূলক পারফরম্যান্স আইসিসিকে নতুন করে ভাবতে উৎসাহিত করেছে। তাদের বিশ্বাস, বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ বাড়লে নতুন দেশগুলোতে ক্রিকেটের জনপ্রিয়তা এবং প্রতিযোগিতার মান আরও উন্নত হবে।

জনপ্রিয় খেলায় বিশ্বকাপে অংশ নেওয়া দলের সংখ্যা বেশি

বিশ্বের অন্যান্য জনপ্রিয় খেলার বিশ্বকাপেও সাধারণত ২৪ বা তার বেশি দল অংশ নেয়। ফুটবলের বিশ্বকাপে ইতোমধ্যেই দলসংখ্যা বৃদ্ধি করেছে ফিফা। একটা সময়ে মাত্র ২৪ দল নিয়ে বিশ্বকাপ ফুটবলের আসর বসলেও সংখ্যা বাড়তে বাড়তে তা বর্তমানে ৪৮ দলে এসে পৌঁছেছে। ভবিষ্যতে অংশগ্রহণকারী দলের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করছে ফিফা। যদিও এ বিষয়ে বিরোধিতাও রয়েছে।

টি-টোয়েন্টি ট্রফি

এদিকে আগামী দুটি অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি এবং এশিয়ান গেমসে নিয়মিত উপস্থিতি নতুন নতুন দেশে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াচ্ছে। আইসিসির ধারণা, সেই আগ্রহ ধরে রাখতে বৈশ্বিক আসরে অংশগ্রহণের সুযোগও বাড়ানো প্রয়োজন।

তবে ২০২৮ ও ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর সম্ভাবনা নেই। এই দুটি আসর ২০ দল নিয়েই অনুষ্ঠিত হওয়ার কথা। সম্প্রতি আইসিসির বোর্ড সভায় ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাটে পরিবর্তনের প্রস্তাব অনুমোদনের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিধি সম্প্রসারণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ২০২৮ সালের বিশ্বকাপ ক্রিকেট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষষ্ঠিত হবে। অংশ নেওয়া ২০ দলকে পাঁচভাগে ভাগ করা হবে। প্রতি গ্রুপে চারটি করে দল থাকবে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles