আগামী২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে লিটন দাসের ওপর আস্থা রাখল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভা শেষে এসব সিদ্ধান্ত জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। সভা শেষে বিসিবির প্রধান তামিম বলেন, বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই নেতৃত্ব কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। বোর্ড এখন তিন ফরম্যাটে তিনজন অধিনায়কের পরিবর্তে দুইজন অধিনায়কের নীতিতে বিশ্বাসী।
সে অনুযায়ী লিটন দাস সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) নেতৃত্বে থাকবেন এবং টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন নাজমুল হোসেন শান্ত।’
লিটনকে দায়িত্ব দেওয়ার কারণ ব্যাখ্যা করে তামিম বলেন, তাঁর নেতৃত্বগুণ, দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়ার পারফরম্যান্স বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সাদা বলের দলের সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে।
মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়ে বিসিবি সভাপতি বলেন, এটি কোনোভাবেই তাঁর প্রতি অসম্মান নয়। বরং বোর্ড মনে করে, একজন ক্রিকেটার হিসেবে মিরাজকে আরও বেশি প্রয়োজন। গত পাঁচটি সিরিজের মধ্যে চারটিতে নেতৃত্ব দিয়ে সাফল্য পেলেও তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সে আরও উন্নতির সুযোগ রয়েছে।


