বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব দেওয়ার ফিফার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তাদের ৪১টি সদস্যদেশ সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার মতো বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়নি কনকাকাফ। সংস্থাটি জানিয়েছে, প্রস্তাবটি যেভাবে উপস্থাপন করা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য যে সীমিত সময় দেওয়া হয়েছে, তা নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
কনকাকাফের বিবৃতিতে বলা হয়, ফিফার সংশ্লিষ্ট প্রশাসনিক ও পরিচালনা কাঠামোর পূর্ণাঙ্গ পর্যালোচনা কিংবা আনুষ্ঠানিক অনুমোদনের আগেই এমন গুরুত্বপূর্ণ প্রস্তাব সদস্যদের সামনে উপস্থাপন করা হয়েছে। এত বড় সিদ্ধান্তে স্বচ্ছতা, সুশাসন এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ তুলেছে সংস্থাটি।
বিবৃতিতে আরও প্রশ্ন তোলা হয়েছে, ইতিহাসের সবচেয়ে লাভজনক বিশ্বকাপ আয়োজনের পরও কেন ফিফা ফরোয়ার্ড কর্মসূচি এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পের অর্থায়নের জন্য নতুন করে বেসরকারি বিনিয়োগ প্রয়োজন হচ্ছে। কনকাকাফের মতে, নতুন বিনিয়োগ আনার আগে ফিফার বিদ্যমান বিপুল আর্থিক রিজার্ভ কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায়, সেটিই অগ্রাধিকার হওয়া উচিত।

চলতি সপ্তাহেই ফিফা ঘোষণা দেয়, বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপসহ তাদের প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ওই প্রতিষ্ঠানে সংখ্যালঘু অংশীদার হিসেবে বেসরকারি বিনিয়োগের সুযোগ রাখা হবে। তাঁর দাবি, এর মাধ্যমে প্রায় ৪২০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা সম্ভব হবে, যা বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে।
তবে ঘোষণার পর থেকেই পরিকল্পনাটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। এর আগে উয়েফা সতর্ক করে জানিয়েছিল, ফিফা পরিকল্পনা থেকে সরে না এলে তারা বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতা বয়কটের বিষয়টি বিবেচনা করবে।
কনকাকাফ, যার সদস্য যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মতো ২০২৬ বিশ্বকাপের স্বাগতিক দেশগুলোও, এখন ফিফার প্রতি আহ্বান জানিয়েছে-যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন সংবিধান অনুযায়ী ফিফা কাউন্সিল এবং সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হয়।
সংস্থাটি তাদের বিবৃতিতে স্পষ্টভাবে বলেছে, ফুটবলের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং এর ভবিষ্যৎ ফুটবল পরিবারের হাতেই থাকা উচিত। একই অবস্থানকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইউএসএসএফ জানিয়েছে, কনক্যাকাফ এবং এর সদস্যদেশগুলোর অবস্থানের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে।


