নিজ শহরে ছুটি কাটাতে গিয়ে এক হৃদয়স্পর্শী ঘটনার জন্ম দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেউস কুনিয়া। মাঝপথে বিকল হয়ে যাওয়া নিজের গাড়ি মেরামত করতে গিয়ে স্থানীয় এক মেকানিকের মানবিকতায় মুগ্ধ হন তিনি। আর সেই ঋণ শোধ করতে যা করেছেন, তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ঘটনাটি ব্রাজিলের সান্তা রিতা এলাকায়। গাড়ির পেছনের একটি চাকা নষ্ট হয়ে যাওয়ায় পথেই আটকে পড়েন কুনিয়া। পরে কাছের একটি গ্যারেজ থেকে এক মেকানিক এসে দ্রুত চাকা বদলে তার গাড়ি সচল করে দেন।
সবকিছু শেষ হওয়ার পর কুনিয়া স্বাভাবিকভাবেই বিল পরিশোধ করতে চান। কিন্তু মেকানিক কোনো অর্থ নিতে রাজি হননি। তার ভাষ্য, মাঠে কুনিয়া যে আনন্দ দিয়েছেন, সেটিই তার জন্য যথেষ্ট। তাই এই কাজের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেবেন না।
ঘটনাটি নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কুনিয়া। সেখানে তিনি বলেন, ‘তিনি বলছেন, আমি তাকে অনেক আনন্দ দিয়েছি। তাই আমার কাছ থেকে টাকা নেবেন না। আমি বারবার বিল দিতে চেয়েছি, কিন্তু তিনি কিছুতেই নিলেন না।’
তবে বিষয়টি সেখানেই শেষ করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মেকানিকের আন্তরিকতার প্রতিদান দিতে তিনি নিজেই ওই গ্যারেজে যান। ভিডিওতে গ্যারেজের বিভিন্ন সেবা তুলে ধরেন এবং নিজের লাখো অনুসারীকে সেখানে গাড়ির সার্ভিস নেওয়ার আহ্বান জানান।
ভিডিওটি প্রকাশের পর দ্রুত ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মেকানিকের উদারতার প্রশংসা করেছেন। একই সঙ্গে কুনিয়ার কৃতজ্ঞতা প্রকাশের ধরনও মুগ্ধ করেছে ফুটবলপ্রেমীদের। অনেকের মতে, একটি ছোট ব্যবসার জন্য এটি ছিল বড় ধরনের প্রচারণা, যা অর্থ দিয়ে কেনা সম্ভব নয়।
বিশ্বকাপেও আলোচনায় ছিলেন কুনিয়া। নিজের প্রথম বিশ্বকাপে পাঁচ ম্যাচে তিনটি গোল করেন এই ফরোয়ার্ড। গোলের পর তার ‘সার্ফিং সেলিব্রেশন’ সমর্থকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। যদিও শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল।
বিশ্বকাপ শেষে ছুটি কাটাতে নিজ শহরে ফিরে গেছেন কুনিয়া। বিরতি শেষে প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দিতে শিগগিরই ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে ফিরবেন তিনি।


