বুমরাহর চোটে শ্রীলঙ্কা সফর অনিশ্চিত, বিকল্প হিসেবে আলোচনায় আকিব নবী দার

শ্রীলঙ্কা সফরের আগে বড় ধাক্কা খেল ভারত। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর মিললেও শেষ পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে না পারায় আসন্ন সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। তার পরিবর্তে জাতীয় দলে ডাক পেতে পারেন দিল্লি ক্যাপিটালসের ২৯ বছর বয়সী ফাস্ট বোলার আকিব নবী দার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাঁ হাঁটুর চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি বিশ্বের এক নম্বর টেস্ট বোলার। চিকিৎসক ও বিসিসিআইয়ের মেডিকেল টিম তাকে ঝুঁকি না নিয়ে আরও কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে। ফলে শ্রীলঙ্কা সফরে তাকে পাওয়া যাচ্ছে না।

২০২৫ সালের নভেম্বরে গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন বুমরাহ। এরপর থেকেই চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন তিনি। তার অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণ বড় ধাক্কা খেতে পারে বলে মনে করা হচ্ছে।

বুমরাহর বিকল্প হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন আকিব নবী দার। যদিও এখনও জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়নি এই ডানহাতি পেসারের, তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে দীর্ঘদিন ধরেই নির্বাচকদের নজরে রয়েছেন তিনি।

জম্মু ও কাশ্মীরের বারামুল্লার এই পেসার ২০২৫-২৬ রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। তার দুর্দান্ত বোলিংয়ে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির শিরোপা জেতে জম্মু ও কাশ্মীর। এখন পর্যন্ত ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচে তার শিকার ১৬২ উইকেট।

সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন আকিব। গলের কন্ডিশনে চার ইনিংসে ছয়টি উইকেট নিয়ে লঙ্কান উইকেটে কার্যকর বোলার হিসেবেও নিজেকে তুলে ধরেন তিনি।

এর আগে ২০২৬ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্যও তার জাতীয় দলে সুযোগ পাওয়ার জোরালো সম্ভাবনা ছিল। কিন্তু টানা দুই মৌসুমে ৫০টির বেশি উইকেট নেওয়ার পরও তাকে দলে না রাখায় সমালোচনার মুখে পড়েছিল ভারতীয় নির্বাচক কমিটি।

এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন। বুমরাহর চোটে তৈরি হওয়া শূন্যতা পূরণে খুব শিগগিরই আকিব নবী দারের নাম ঘোষণা করা হতে পারে বলে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles