চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ। তাঁর পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবি। ২৯ বছর বয়সী এই ডানহাতি পেসারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেলেন আকিব। রঞ্জি ট্রফির সর্বশেষ দুই মৌসুমে তিনি মোট ১০৪ উইকেট নিয়েছেন। এর মধ্যে ২০২৫–২৬ মৌসুমেই শিকার করেন ৬০ উইকেট। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ইতিহাসে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির শিরোপা জেতে জম্মু ও কাশ্মীর।
সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও নজর কাড়েন আকিব। দুটি প্রথম শ্রেণির ম্যাচে তিনি নেন ৬ উইকেট। এবার জাতীয় দলে অভিষেকের সুযোগ পেলে জম্মু ও কাশ্মীর থেকে ভারতের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়বেন এই পেসার।
এদিকে ৩২ বছর বয়সী বুমরাহ সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে হাঁটুতে চোট পান। এরপর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তিনি বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে যোগ দেন। শুরুতে দ্রুত মাঠে ফেরার আশা করা হলেও এখনও হাঁটুতে অস্বস্তি থাকায় তাঁকে শ্রীলঙ্কা সফরের টেস্ট দল থেকে বাইরে রাখা হয়েছে।
বুমরাহর অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণের দায়িত্বে থাকবেন মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার ও নতুন মুখ আকিব নবি। শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৫ আগস্ট গলে। তার আগে ৭ আগস্ট কলম্বোয় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।
শ্রীলঙ্কা সফরে ভারতের টেস্ট দলঃশুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, সাই সুদর্শন, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার, আকিব নবি, দেবদূত পাদিক্কল ও সারাংশ জৈন।


