সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার কয়েক দিন পর এবার সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে। অবসরের ঘোষণার পর দেশ-বিদেশ থেকে পাওয়া অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসায় আপ্লুত হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সেই ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
নিজের পোস্টে রাহানে লিখেছেন, ‘এত বার্তা, শুভেচ্ছা ও সমর্থনের জন্য প্রত্যেককে মন থেকে ধন্যবাদ জানাই। এই ভালোবাসা দেখে মন ভরে গেছে। সারা জীবন এই ভালোবাসা মনে থাকবে।’
গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওবার্তায় আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল থেকেও অবসরের ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান।
ভিডিওবার্তায় নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে রাহানে বলেন, ‘জীবনের সব কিছুরই যেমন শুরু আছে, তেমনি শেষও আছে। সময় আসলে তাকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে যেতে হয়। ব্যাটিংয়ের সময় আমি সবসময় টাইমিংয়ের ওপর গুরুত্ব দিতাম। তাই সময়ের গুরুত্ব জানি। আমার মনে হয়েছে, এগিয়ে যাওয়ার এটাই সেরা সময়।’
ক্রিকেটজীবনের শুরুর স্মৃতিও তুলে ধরেন তিনি। ডম্বিভলির ছোট্ট এক ছেলের জাতীয় দলের জার্সি গায়ে তোলার স্বপ্ন পূরণের গল্প স্মরণ করে রাহানে বলেন, ‘ডম্বিভলির যে ছেলেটা প্রতিদিন সকালে অনুশীলনে যেত, সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করত, তার একটাই স্বপ্ন ছিল ভারতের জার্সি পরা। সবসময় দলকে নিজের আগে রেখেছি, সততার সঙ্গে খেলেছি। বিশ্বাস করেছি, সঠিক মানসিকতা নিয়ে খেললে ক্রিকেট আপনাকে অনেক কিছু ফিরিয়ে দেবে।’
ভারতীয় ক্রিকেটের পরিবর্তনের সাক্ষী হতে পারাকে নিজের সৌভাগ্য বলেও উল্লেখ করেন তিনি। রাহানের ভাষায়, ‘অভিষেকের দিন থেকে গত ২০ বছরে ভারতীয় ক্রিকেট অনেক বদলেছে। সেই পরিবর্তনের অংশ হতে পেরে আমি গর্বিত। জয়-পরাজয় থাকবে, কিন্তু একসঙ্গে ক্রিকেট খেলার আনন্দটাই আমার কাছে সবচেয়ে বড়।’
ভারতের হয়ে রাহানে খেলেছেন ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ। টেস্ট ক্রিকেটে তার সংগ্রহ ৫ হাজার ৭৭ রান। ওয়ানডেতে করেছেন ২ হাজার ৯৬২ এবং টি-টোয়েন্টিতে ৩৭৫ রান।
প্রথম শ্রেণির ক্রিকেটেও ছিল সমৃদ্ধ ক্যারিয়ার। ২০১ ম্যাচে ১৪ হাজারের বেশি রান করেছেন তিনি। রয়েছে ৪১টি শতক ও ৫৯টি অর্ধশতক। এছাড়া ভারতের হয়ে ছয়টি টেস্টে অধিনায়কত্ব করে চারটিতে জয় এবং দুটি ম্যাচ ড্র করার কৃতিত্বও রয়েছে তার।


