বিশ্বকাপের বিতর্ক এবার ক্লাব ফুটবলে, নতুন জার্সিতে মালভিনাস দাবি

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনা ফুটবলারদের হাতে দেখা গিয়েছিল একটি ব্যানার-তাতে লেখা ছিল, ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ (মালভিনাস আর্জেন্টিনার)। সেই ব্যানারকে ঘিরে যে বিতর্কের জন্ম হয়েছিল, তা এখনও থামেনি। এরই মধ্যে একই বার্তা নিজেদের নতুন জার্সিতে স্থান দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব আলমিরান্তে ব্রাউন।

রবিবার রেসিং দে কর্দোবার বিপক্ষে লিগ ম্যাচে প্রথমবারের মতো বিশেষ এই জার্সি পরে মাঠে নামে ক্লাবটি। জার্সির সামনের অংশে বড় অক্ষরে লেখা ছিল ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’। একই সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের আকাশি-সাদা রঙে তৈরি করা হয়েছে পুরো জার্সির নকশা, যা দেশপ্রেমের প্রতীক হিসেবেই উপস্থাপন করেছে ক্লাবটি।

ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন জার্সির ছবি প্রকাশ করে আলমিরান্তে ব্রাউন লিখেছে, ‘চিরকাল আর্জেন্টিনার। মালভিনাস দ্বীপপুঞ্জের প্রতি শ্রদ্ধা জানাতে এই বিশেষ জার্সি তৈরি করা হয়েছে।’ ম্যাচের দিন শুরুর একাদশের ছবির সঙ্গেও তারা লিখেছে, ‘ওগুলো আর্জেন্টিনারই।’

জার্সিটির আরেকটি আকর্ষণীয় দিক হলো পেছনের অংশ। খেলোয়াড়দের নম্বরের নিচে রাখা হয়েছে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির বিখ্যাত গোল উদযাপনের ছায়াচিত্র-দুই হাতের তর্জনী আকাশের দিকে তোলা সেই পরিচিত ভঙ্গি।

মালভিনাস-যা আন্তর্জাতিকভাবে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নামে পরিচিত-নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের বিরোধ বহু পুরোনো। ১৯৮২ সালের যুদ্ধের স্মৃতি এখনও দুই দেশের রাজনৈতিক সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়। আর্জেন্টিনা দ্বীপপুঞ্জটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এবং ‘ইসলাস মালভিনাস’ নামে উল্লেখ করে।

এই জার্সি প্রকাশের সময়টিও তাৎপর্যপূর্ণ। কারণ, ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর একই স্লোগান লেখা ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা।

বিশ্বকাপের সময় এই ব্যানার প্রদর্শন করায় বিতর্ক শুরু হয়েছে

ফিফার অভিযোগ, ওই ব্যানার প্রদর্শনের মাধ্যমে খেলার মঞ্চকে অ-ক্রীড়াসংক্রান্ত রাজনৈতিক বার্তা প্রচারের জন্য ব্যবহার করা হয়েছে, যা সংস্থার আচরণবিধির পরিপন্থী হতে পারে।

তবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ফুটবলারদের সেই পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর ভাষায়, ব্যানারটি ‘সম্পূর্ণ বৈধ’, কারণ এটি আর্জেন্টিনার জনগণের অনুভূতিরই প্রতিফলন। যদিও একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, এ ঘটনার জন্য ফিফা জরিমানা করতে পারে।

এর আগে ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই ধরনের ব্যানার প্রদর্শনের কারণে এএফএকে প্রায় ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা। ফলে বিশ্বকাপের বিতর্ক এখন যেন ক্লাব ফুটবলেও ছড়িয়ে পড়েছে। আলমিরান্তে ব্রাউনের নতুন জার্সি আবারও প্রমাণ করল, আর্জেন্টিনায় মালভিনাস শুধু একটি ভূখণ্ডের নাম নয়-এটি জাতীয় পরিচয়, আবেগ এবং রাজনৈতিক অবস্থানেরও প্রতীক। আর সেই আবেগ যখন ফুটবলের জার্সিতে জায়গা পায়, তখন তা মাঠের বাইরেও নতুন বিতর্কের জন্ম দেয়।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles