পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ মাইকেল স্মিথ

ব্যাটিং বিভাগের দুর্বলতা কাটিয়ে ওঠার লক্ষ্যে কোচিং স্টাফে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম-শ্রেণির ক্রিকেটার ও অভিজ্ঞ কোচ মাইকেল স্মিথকে দুই বছরের জন্য পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকেই দায়িত্ব পালন শুরু করবেন তিনি।

মঙ্গলবার এক বিবৃতিতে স্মিথের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। ৪৬ বছর বয়সী এই কোচ জাতীয় দলের সব সংস্করণের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। বেশ কিছুদিন ধরেই পদটি শূন্য ছিল। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা এবং তারৌবা টেস্টে ধসের পর একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগের দাবি জোরালো হয়ে ওঠে।

বর্তমানে পাকিস্তান টেস্ট দলের বোলিং কোচের দায়িত্বে রয়েছেন সাবেক পেসার উমর গুল। ব্যাটিং কোচের দায়িত্ব এত দিন স্থায়ীভাবে কাউকে দেওয়া হয়নি। জাতীয় নির্বাচক আসাদ শফিক অতিরিক্ত দায়িত্ব হিসেবে ব্যাটারদের নিয়ে কাজ করলেও এখন থেকে সেই দায়িত্ব পুরোপুরি পালন করবেন স্মিথ।

আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সুযোগ না পেলেও কোচ হিসেবে মাইকেল স্মিথের অভিজ্ঞতা সমৃদ্ধ। লেভেল-৪ সনদপ্রাপ্ত এই কোচ বিভিন্ন ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি দলে কাজ করেছেন। পাকিস্তান ক্রিকেটের সঙ্গেও তার পরিচয় নতুন নয়। এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও মুলতান সুলতান্সের ব্যাটিং বিভাগে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেন্স ও ক্রিকেট তাসমানিয়ার ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন স্মিথ। দক্ষিণ আফ্রিকার কেজেডএন ইনল্যান্ড ও ইস্টার্ন প্রভিন্স দলের পরামর্শক হিসেবেও রয়েছে তার অভিজ্ঞতা।

খেলোয়াড়ি জীবনেও ছিলেন ধারাবাহিক পারফরমার। ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে ৮৯টি প্রথম-শ্রেণির, ৭২টি লিস্ট ‘এ’ এবং ১৬টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সব মিলিয়ে ৭ হাজার ২৯ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ৪০টি অর্ধশতক।

পিসিবির আশা, স্মিথের অভিজ্ঞতা পাকিস্তানের ব্যাটিং বিভাগে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে বিদেশের মাটিতে সাম্প্রতিক ব্যর্থতার ধারা কাটিয়ে ওঠাই এখন দলের বড় চ্যালেঞ্জ। ২০২৩–২৪ মৌসুমে অস্ট্রেলিয়া সফরের পর থেকে টানা আটটি অ্যাওয়ে টেস্টে হেরেছে পাকিস্তান। সেই হতাশাজনক অধ্যায় থেকে বেরিয়ে আসার প্রথম সুযোগ মিলবে ইংল্যান্ড সফরে।

ইংল্যান্ডের কন্ডিশনে শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে পাকিস্তানের ব্যাটাররা কতটা সফল হতে পারেন, সেটিই হবে মাইকেল স্মিথের অধীনে দলের প্রথম বড় পরীক্ষা।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles