২৮ আগস্ট শুরু হচ্ছে নারী এশিয়া কাপ!

আগামী ২৮ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে নারী এশিয়া কাপের নতুন আসর। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আট দলের এই টুর্নামেন্ট। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি, তবে অংশগ্রহণকারী দেশগুলোকে অনানুষ্ঠানিকভাবে সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, এসিসি ইতোমধ্যে অংশগ্রহণকারী আটটি বোর্ডকে ই-মেইলের মাধ্যমে টুর্নামেন্টের সম্ভাব্য সূচি ও প্রস্তুতি সংক্রান্ত তথ্য পাঠিয়েছে। এবারের আসরে খেলবে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া, নেপাল ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

প্রতিবেদন অনুযায়ী, টুর্নামেন্টের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। এসিসি জানিয়েছে, নীতিনির্ধারণী পর্যায়ের অনুমোদন পেলেই আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হবে। বর্তমানে সংস্থাটির সভাপতির দায়িত্বে রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।

অংশগ্রহণকারী দেশগুলোকে পাঠানো ই-মেইলে ২৭ আগস্টের মধ্যে দলগুলোকে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।

আনুষ্ঠানিক সূচি প্রকাশের আগেই নারী এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এদিকে নারী এশিয়া কাপ শেষ হওয়ার পরপরই শুরু হবে ২০২৬ এশিয়ান গেমসের মেয়েদের ক্রিকেট। জাপানের নাগোয়ায় ১৭ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles