দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা হয়েছিল হতাশায়। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বড় হার। তবে সেই ধাক্কা কাটিয়ে দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ পেল বাংলাদেশ ইমার্জিং দল। ইকবাল হোসেনের দুর্দান্ত বোলিং ও ইফতেখার হোসেনের দায়িত্বশীল ফিফটিতে ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকাকে (ইউএসএসএ) ২৬ রানে হারিয়েছে সফরকারীরা।
প্রিটোরিয়ায় অনুষ্ঠিত তিন দলের ওয়ানডে সিরিজের ম্যাচটি বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে নিষ্পত্তি হয়। ৩৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৮৬ রান। এরপর আলোকস্বল্পতায় আর খেলা না হওয়ায় ডিএলএস অনুযায়ী ২৬ রানের জয় পায় জাকির হাসানের দল।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিল ইউএসএসএ। উদ্বোধনী জুটিতে ১৩৫ বলে ১৪৮ রান যোগ করেন লুডউইচ শুল্ড ও জেসন মুয়ারহেড। তবে এই জুটি ভাঙার পর দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৭ ওভারে ২৪৮ রানে অলআউট হয় তারা।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ১৯ বছর বয়সী পেসার ইকবাল হোসেন। ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। এছাড়া উদ্বোধনী জুটি ভাঙেন রোহানাত উদ দৌলা বর্ষণ।
ইউএসএসএর হয়ে শুল্ড ৭১ বলে ৭২ এবং মুয়ারহেড ৭৩ বলে ৭৯ রান করলেও এরপর আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। অধিনায়ক জাকির হাসান ১২ রান করে এলবিডব্লিউ হন। তিন নম্বরে নামা শাহাদাত হোসেন করেন ১৮ রান। এরপর ওপেনার মাহফিজুল ইসলামও ৩৪ রান করে ফিরলে ৮০ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
সেখান থেকেই দলের হাল ধরেন ইফতেখার হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। চতুর্থ উইকেটে দুজন গড়েন অবিচ্ছিন্ন ১০৬ রানের জুটি। ইফতেখার ৮৬ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৭১ রান করেন। অন্য প্রান্তে মাহিদুল ৬৮ বলে অপরাজিত থাকেন ৩৮ রানে।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে মাত্র ৮৯ রানে গুটিয়ে গিয়ে ৭ উইকেটের হার দেখেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের এই জয় সেই হতাশা কাটিয়ে সিরিজে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় উপলক্ষ হয়ে থাকল।
সংক্ষিপ্ত স্কোর:
ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকা: ৪৭ ওভারে ২৪৮/১০
বাংলাদেশ ইমার্জিং দল: ৩৬ ওভারে ১৮০/৩
ফল: ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ ইমার্জিং ২৬ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ইকবাল হোসেন ইমন


