দাবানল দুর্গতদের পাশে মেসি, মাদ্রিদের পুনর্গঠনে দিলেন ৮০ হাজার ইউরো

বিশ্বকাপ ফাইনালে শিরোপা হাতছাড়া হওয়ার হতাশার মধ্যেও মানবিক কর্মকাণ্ড দিয়ে আবারও প্রশংসিত হলেন লিওনেল মেসি। স্পেনের মাদ্রিদ অঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।

মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির এই অনুদানের বিষয়টি নিশ্চিত করে তাকে ধন্যবাদ জানান।

আয়ুসো লিখেছেন, ‘লিওনেল মেসি মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আশা করি খুব শিগগির তাকে মাদ্রিদে স্বাগত জানাতে পারব এবং তার প্রাপ্য সম্মান জানাতে পারব।’
গত সপ্তাহে মাদ্রিদের উত্তর-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল স্পেনের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটিতে পরিণত হয়। আগুনে প্রায় ২৭ হাজার হেক্টর বনভূমি ও বিস্তীর্ণ এলাকা পুড়ে যায়। এতে সরাসরি ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন ৫০ হাজারেরও বেশি মানুষ।

দাবানলের কারণে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়। অনেক পরিবার দীর্ঘ সময় নিজেদের বাড়িতে আটকে ছিল। আগুনে ব্যাপক ক্ষতির মুখে পড়ে অসংখ্য ঘরবাড়ি, কৃষিজমি ও স্থানীয় অবকাঠামো।

বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনে কাজ করছে স্থানীয় প্রশাসন। সেই কার্যক্রমে মেসির অনুদান গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখা হচ্ছে।

মানবিক কর্মকাণ্ডে বরাবরই সক্রিয় মেসি। প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং শিশু কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে নিয়মিত সহযোগিতা করে আসছেন তিনি। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আবারও প্রশংসা কুড়িয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবল কিংবদন্তি।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles