কঠিন কন্ডিশনে সেঞ্চুরি, সাফল্যের মন্ত্র জানালেন মিরাজ

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। মূল সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। কঠিন কন্ডিশনে দলের অন্য ব্যাটাররা যখন বড় ইনিংস খেলতে ব্যর্থ, তখন দায়িত্বশীল ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি।

প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে বাংলাদেশ ২৬৩ রানে অলআউট হয়। দলের পক্ষে একমাত্র তিন অঙ্ক ছোঁয়া ব্যাটার ছিলেন মিরাজ। সপ্তম নম্বরে নেমে ১৪১ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা।

দিনের খেলা শেষে নিজের ইনিংসের পরিকল্পনা নিয়ে কথা বলেন মিরাজ। তিনি জানান, শুরু থেকেই রান তোলার চেয়ে উইকেটে থিতু হওয়ার দিকেই বেশি মনোযোগ দিয়েছিলেন।

মিরাজ বলেন, “বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বল করছিল। এই কন্ডিশনে প্রথমবার খেলছি, তাই শুরুতে মানিয়ে নেওয়াটাই ছিল মূল লক্ষ্য। পার্টনারশিপ গড়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। পরে সুযোগ পেয়ে রানও এসেছে।”

আসন্ন টেস্ট সিরিজের আগে এই ইনিংস আত্মবিশ্বাস বাড়াবে বলেও মনে করেন বাংলাদেশ অলরাউন্ডার। তাঁর ভাষায়, “সামনে টেস্ট ম্যাচ রয়েছে। এই ইনিংস অবশ্যই আত্মবিশ্বাস দেবে। একই মানসিকতা ধরে রেখে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সেটা আমার এবং দলের জন্য ভালো হবে।”

শুরুর কঠিন পরিস্থিতি সামলে কীভাবে বড় ইনিংস গড়েছেন, সেটিও ব্যাখ্যা করেন মিরাজ। তিনি বলেন, “কন্ডিশন শুরু থেকেই কঠিন ছিল। তাই স্ট্রাইক রোটেট করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি। আর যখনই সুযোগ এসেছে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি।”

বাংলাদেশের হয়ে অন্য ব্যাটারদের মধ্যে মুমিনুল হক ৫৩ বলে ৩৭ এবং সাদমান ইসলাম অনিক ৪৭ বলে ৩১ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ২ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles