খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শনিবার বিকেলে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, পেশা হিসেবেও প্রতিষ্ঠিত করতে হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। খেলাধুলার মধ্য দিয়ে একটি সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি তরুণদের মধ্যে নীতি-নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে।
তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, কিশোর-কিশোরীদের প্রতিভা খুঁজে বের করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির লক্ষ্যেও কার্যক্রম শুরু হয়েছে।
ঝিনাইদহের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিষয়েও একাধিক ঘোষণা দেন আমিনুল হক। তিনি জানান, চলতি অর্থবছরে দেশের ১০টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি স্পোর্টস ভিলেজ ঝিনাইদহে নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জেলার বর্তমান স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ গ্যালারিসহ আধুনিক স্টেডিয়ামে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

ঝিনাইদহে সুইমিংপুল নির্মাণের দাবির প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশের ২২টি জেলায় একটি করে সুইমিংপুল রয়েছে। পর্যায়ক্রমে ৬৪টি জেলায় একটি করে সুইমিংপুল নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার আওতায় ঝিনাইদহেও সুইমিংপুল নির্মাণ করা হবে।
সরকারের নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪টি জেলায় আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধাসহ ইনডোর স্টেডিয়াম ও স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে চলতি অর্থবছরে ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান এবং ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদ।


