বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখছেন ইংলিশ প্রবাসী অ্যাডাম আব্বাস

শেকড়ের টানে বাংলাদেশে এসে এবার দেশের জার্সিতে স্বপ্ন দেখছেন ইংল্যান্ডপ্রবাসী তরুণ ফুটবলার অ্যাডাম আব্বাস। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলে যোগ দিয়েছেন তিনি।

শনিবার যশোরের শামস-উল-হুদা একাডেমিতে দলের সঙ্গে অনুশীলন শুরু করেন অ্যাডাম। পরদিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের হয়ে খেলার অনুভূতি ও নিজের লক্ষ্য জানিয়েছেন এই তরুণ ফুটবলার।

বাংলাদেশের হয়ে খেলার সুযোগকে বড় সম্মানের বলে উল্লেখ করে অ্যাডাম বলেন, ‘আমি এই ভালোবাসার কদর করি। বাংলাদেশের হয়ে খেলা এবং বাংলাদেশের জন্য নির্বাচিত হওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। অবশ্যই এটি আমার মায়ের দেশ, তাই পরিবারের সবাই খুব গর্বিত। আমি মাঠে নেমে ফুটবল খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’

ইংল্যান্ডে বেড়ে ওঠা অ্যাডাম বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত হওয়ার গল্পও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি জানতে পারি বাংলাদেশের একটি দল আছে। আমি হামজা চৌধুরী এবং জাতীয় দলে খেলা আমার বয়সী আরও কয়েকজন খেলোয়াড় সম্পর্কে জানতাম। এরপর কারও সঙ্গে যোগাযোগ করি এবং সেখান থেকেই সব শুরু হয়। তবে আমার মূল লক্ষ্য হলো শান্ত থেকে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং নিজের ফুটবলটা খেলে যাওয়া।’

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোন্সের প্রশংসাও করেছেন অ্যাডাম। ইংলিশ কোচের অনুশীলন ও দর্শন নিয়ে তিনি বলেন, ‘জেরার্ড চমৎকার কিছু ড্রিল করিয়েছেন। তার একটা কথা আছে, প্রতিপক্ষের চেয়ে বেশি দৌড়াও, বেশি পরিশ্রম করো, ভালো খেলো, বেশি গোল করো এবং ভালো ডিফেন্স করো। সব পরিস্থিতিতে প্রতিপক্ষের চেয়ে শ্রেষ্ঠত্ব বজায় রাখার চেষ্টা করাই আমাদের লক্ষ্য।’

বাংলাদেশ দলের পরিবেশ নিয়েও সন্তুষ্ট অ্যাডাম। তার ভাষায়, ‘দলের সবাই কঠোর পরিশ্রম করছে। আমি এখানে কেবল দুই-একদিন হলো এসেছি, কিন্তু ইতোমধ্যে বুঝতে পারছি দলের মানসিকতা কতটা ইতিবাচক। আজ আমার প্রথম সেশন ছিল এবং এটি খুব ভালো কেটেছে। ট্রেনিংয়ের সব আয়োজন দারুণ ছিল।’

শেকড়ের দেশে এসে প্রথমবার বাংলাদেশের জার্সি পরার অপেক্ষায় এখন অ্যাডাম আব্বাস। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে সুযোগ পেলে মাঠের পারফরম্যান্স দিয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চান এই ইংলিশ প্রবাসী ফুটবলার।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles