অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় হারে বাংলাদেশ। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ২৬৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হেরেছে তারা। এমন হারে সিরিজ শুরুর আগেই বাংলাদেশের আত্মবিশ্বাসে ধাক্কা লেগেছে কি না, সেটি নিয়ে আলোচনা হচ্ছে।
তবে প্রস্তুতি ম্যাচের ফল দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। তাঁর মতে, প্রস্তুতি ম্যাচে দলের মানসিক মনোযোগ সব সময় পুরোপুরি থাকে না। তাই এমন ম্যাচের ফলাফলকে কোনো দলের সামর্থ্যের প্রকৃত প্রতিফলন হিসেবে দেখা ঠিক হবে না।
সোমবার অস্ট্রেলিয়ার অনুশীলন সেশনের আগে হেড বলেন, ‘প্রস্তুতি ম্যাচগুলো এমনই। কয়েক বছর ধরে আমিও এমন সাধারণ কিছু ম্যাচ খেলেছি। তারা সব সময় চ্যালেঞ্জিং, কারণ মানসিকভাবে আপনার মনোযোগ হয়তো অন্য কোথাও থাকে।’
বাংলাদেশের প্রথম ইনিংসের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন হেড। মিরাজের সেঞ্চুরির কথা উল্লেখ করে তিনি মনে করেন, প্রস্তুতি ম্যাচের ফল ভুলে বাংলাদেশ দ্রুতই মূল সিরিজে মনোযোগ দেবে।
হেড বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বাংলাদেশের খেলোয়াড়েরা বৃহস্পতিবারের ম্যাচ নিয়েই ভাববে। ওই ম্যাচ থেকে বেরিয়ে আসতে যা প্রয়োজন, সেটাই চিন্তা করবে তারা।’
বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান আরও বলেন, ‘প্রথম ইনিংসে তারা ভালো খেলেছিল। প্রায় ২৭০ রান করেছিল এবং একটি শতকও ছিল। হয়তো ফলাফলটা বাইরে থেকে হতাশাজনক লাগছে। তারাও সম্ভবত একটু হতাশ। কিন্তু ভেতরে ভেতরে দল হিসেবে তাদের মনোযোগ থাকবে বৃহস্পতিবারের দিকে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দুই টেস্টের সিরিজ বাংলাদেশের জন্য ঐতিহাসিক। প্রায় ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সবশেষ ২০১৭ সালে টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল। দীর্ঘ বিরতির পরের এই সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে বড় হার পেলেও হেড মনে করছেন, মূল লড়াইয়ে বাংলাদেশের সামর্থ্য ভিন্নভাবে দেখা যেতে পারে।


