লিভারপুলে বড় বিনিয়োগের পথে জেফ বেজোস, কিনতে পারেন ৩০ শতাংশের বেশি শেয়ার

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবার ফুটবলেও বড় বিনিয়োগের পথে। ইংলিশ জায়ান্ট লিভারপুলের ৩০ শতাংশের কিছু বেশি অংশীদারত্ব কিনতে যাচ্ছেন বিশ্বের অন্যতম ধনী এই ব্যবসায়ী। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ী অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের মাধ্যমে লিভারপুলে বিনিয়োগ করতে যাচ্ছেন বেজোস। এই কনসোর্টিয়ামে রয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিনও।

বেজোসের সম্পদের পরিমাণ ২৮০ বিলিয়ন ডলারের বেশি বলে ধারণা করা হয়। অন্যদিকে স্যাভেরিনের সম্পদ ৩২ বিলিয়ন ডলারের বেশি। অমিত ভাটিয়া ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তালের জামাতা এবং এর আগে ইংলিশ ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সেরও শেয়ারহোল্ডার ছিলেন।

প্রস্তাবিত বিনিয়োগের পর লিভারপুলের মোট মূল্য দাঁড়াতে পারে প্রায় ৬ বিলিয়ন ডলার। ফলে কোনো ফুটবল ক্লাবকে ঘিরে এটি বিশ্বের অন্যতম বড় লেনদেন হতে পারে।

তবে বিনিয়োগটি আপাতত সংখ্যালঘু অংশীদারত্ব হিসেবেই থাকছে। ভবিষ্যতে বেজোস ও তার সহযোগীরা লিভারপুলে আরও বড় অংশীদারত্ব কিংবা নিয়ন্ত্রণ নিতে চান কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

২০১০ সালে প্রায় ৩০০ মিলিয়ন পাউন্ডে লিভারপুলের মালিকানা নেয় ফেনওয়ে স্পোর্টস গ্রুপ বা এফএসজি। এরপর ক্লাবটি ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়নস লিগ এবং দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে।

ফুটবলের পাশাপাশি এফএসজির মালিকানায় রয়েছে বেসবলের বোস্টন রেড সক্স ও আইস হকির পিটসবার্গ পেঙ্গুইনস।

গত মাসেই অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন কনসোর্টিয়াম লিভারপুলে কৌশলগত বিনিয়োগে আগ্রহ দেখানোর বিষয়টি নিশ্চিত করেছিল এফএসজি। এবার সেই আগ্রহই বড় বিনিয়োগের রূপ নিতে যাচ্ছে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles