টরন্টোতে দাপুটে পারফরম্যান্সে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন ইগা সিওনতেক। সোমবার কোয়ার্টার ফাইনালে ১৫তম বাছাই ডায়ানা শ্নাইডারকে মাত্র ৬৪ মিনিটে ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন সপ্তম বাছাই এই পোলিশ তারকা। ম্যাচজুড়ে শ্নাইডারকে কোনো সুযোগই দেননি সাবেক বিশ্বসেরা।
শ্নাইডারের বিপক্ষে সিওনতেকের এটি টানা দ্বিতীয় জয়। একই সঙ্গে ‘ডব্লিউটিএ ১০০০’ পর্যায়ে ২৩তম সেমিফাইনালে উঠলেন তিনি। ২০০৯ সালে বর্তমান ফরম্যাট চালুর পর সেমিফাইনালে ওঠার হারে সিওনতেক এর সামনে আছেন শুধু সেরেনা উইলিয়ামস। ১০০০ পর্যায়ের সেমিফাইনালে সিওনতেক এর চেয়ে বেশি উঠেছেন সিমোনা হালেপ ২৯ বার, সেরেনা ২৬ এবং ভিক্টোরিয়া আজারেঙ্কা ২৪ বার। আগনিয়েস্কা রাদওয়ানস্কার সঙ্গে ২৩টি করে সেমিফাইনাল নিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন তিনি।
শ্নাইডারের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল সিওনতেকের হাতে। প্রথম গেমেই প্রতিপক্ষের সার্ভ ভেঙে দেন তিনি। এরপর নিজের সার্ভ ধরে রেখে প্রথম সেট ৬-২ ব্যবধানে জিতে নেন। দ্বিতীয় সেটেও একই চিত্র। ২-১ গেমে আবার শ্নাইডারের সার্ভ ভাঙার পর টানা ছয় গেম জিতে ম্যাচ শেষ করেন সিওনতেক।
দারুণ এই জয়ের পেছনে ছিল তাঁর অসাধারণ সার্ভিস পারফরম্যান্স। পুরো ম্যাচে কোনো ব্রেক পয়েন্টের মুখোমুখিই হতে হয়নি তাঁকে। প্রথম সার্ভ থেকে ২৬টির মধ্যে ২৩টি পয়েন্ট জিতেছেন, সাফল্যের হার ৮৮.৫ শতাংশ যা চলতি মৌসুমে তাঁর সেরা।
শুধু তাই নয়, ম্যাচে মাত্র ৮টি আনফোর্সড এরর করেছেন সিওনতেক, যা চলতি মৌসুমে তাঁর এক ম্যাচে সর্বনিম্ন। বিপরীতে শ্নাইডার একের পর এক ফোরহ্যান্ড ভুল করে ম্যাচ থেকে ছিটকে যান।
টরন্টো ও মন্ট্রিয়লের মতো বর্তমান ১১টি ডব্লিউটিএ ১০০০ ভেন্যুর মধ্যে ১০টিতেই অন্তত একবার সেমিফাইনালে উঠেছেন সিওনতেক। একমাত্র ব্যতিক্রম উহান। আর শীর্ষ ২০ খেলোয়াড়দের বিপক্ষে তাঁর ক্যারিয়ার জয়ের হার ৬৭.৮ শতাংশ। ১৯৯০ সালের পর এই তালিকায় তাঁর ওপরে আছেন কেবল স্টেফি গ্রাফ, সেরেনা উইলিয়ামস, মনিকা সেলেস ও মার্টিনা হিঙ্গিস।
সেমিফাইনালে সিওনতেকের প্রতিপক্ষ নবম বাছাই এলিনা সভিতোলিনা। কোয়ার্টার ফাইনালে সেটে পিছিয়ে পড়েও ১৬তম বাছাই একাতেরিনা আলেক্সান্দ্রোভাকে ৩-৬, ৬-০, ৬-৩ গেমে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন ইউক্রেনের এই তারকা।
স্ভিতোলিনার বিপক্ষে ক্যারিয়ারে সাতবার মুখোমুখি হয়ে চারবার জিতেছেন সিওনতেক। তবে চলতি মৌসুমে দুইবারের দেখায় দুবারই জয় পেয়েছেন স্ভিতোলিনা। ফলে টরন্টোর সেমিফাইনালে সিওনতেকের সামনে থাকবে কঠিন এক প্রতিপক্ষ এবং সাম্প্রতিক হারের জবাব দেওয়ার সুযোগ।


