আফগানিস্তানের সূচিতে ফিকে বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজ

আগস্টের শেষে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি-ছয় ম্যাচের সেই সিরিজ ঘিরে অপেক্ষায় ছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু কয়েক দিন ধরেই সিরিজটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। এবার সেই অনিশ্চয়তার মধ্যেই ভারতের আরেকটি সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আর তাতেই বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজটি আরও বেশি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তারিখ ও ভেন্যু চূড়ান্ত করেছে এসিবি। আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা। তবে সিরিজটি আফগানিস্তানের মাটিতে নয়, ভারতের দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় সিরিজে এবারই প্রথম আফগানিস্তান ভারতকে আনুষ্ঠানিকভাবে আতিথেয়তা দিচ্ছে।

সমস্যাটা তৈরি হচ্ছে সূচির সংঘাতে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সিরিজ পরিকল্পনা অনুযায়ী, ২৮ আগস্ট ভারতীয় দলের বাংলাদেশে আসার কথা ছিল। দুই দলের খেলার কথা ছিল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। সংশোধিত সূচি অনুযায়ী ওয়ানডেগুলো ১, ৩ ও ৬ সেপ্টেম্বর এবং টি-টোয়েন্টি ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর আয়োজনের কথা।

অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৩ সেপ্টেম্বর। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ও আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি একই দিনে পড়ছে। ফলে বর্তমান সূচি অপরিবর্তিত থাকলে একই সঙ্গে দুটি সিরিজ খেলা ভারতের পক্ষে সম্ভব নয়।

এ কারণেই এসিবির ঘোষণা বাংলাদেশের জন্য নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান জানিয়েছেন, আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর দিল্লিতে ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। স্টেকহোল্ডারদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা করেই ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ও ভারত

চিঠিতে নাসিব খান লিখেছেন, ২০২৬ সালে ভারতের আফগানিস্তান সফর ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং সিরিজের তারিখ বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হয়েছে।

এই বক্তব্যই বাংলাদেশের সিরিজ নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটি সামনে এনে দিয়েছে। কারণ, আফগানিস্তানের সঙ্গে ভারতের সিরিজটি যদি নির্ধারিত সময়েই হয়, তাহলে বাংলাদেশ সফরও করতে চাইলে ভারতের সূচিতে আবার পরিবর্তন আনতে হবে। অর্থাৎ এখন সামনে দুটি সম্ভাবনা-বাংলাদেশ-ভারত সিরিজের সূচি পরিবর্তন অথবা সিরিজটি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত।

এমনিতেই বাংলাদেশ সফর নিয়ে গত কয়েক দিন ধরে নানা আলোচনা চলছে। এখন আফগানিস্তান সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা সেই আলোচনায় যোগ করেছে নতুন মাত্রা। ভারতের সূচিতে বাংলাদেশের জায়গাটি ঠিক কোথায় থাকবে, সেটিই এখন দেখার বিষয়।

২০২২ সালের পর থেকে ভারত আর বাংলাদেশ সফর করেনি। দীর্ঘ অপেক্ষার পর দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেটি মাঠে গড়াবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

অন্যদিকে বাংলাদেশ সর্বশেষ ভারত সফর করেছিল ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে। সেই সফরে দুই ম্যাচের টেস্ট ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles