৫ দিন ভালো ক্রিকেট খেলতে চান শান্ত

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে বাংলাদেশের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এই সুযোগ কাজে লাগিয়ে লড়াই করতে চান শান্ত। তাঁর লক্ষ্য, পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা।

বুধবার ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে উইকেট নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক। উইকেটে ঘাস থাকায় দুই দলের ব্যাটার ও বোলারই সহায়তা পেতে পারেন বলে মনে করছেন তিনি। তবে বোলারদের জন্য সুবিধা কিছুটা বেশি থাকতে পারে বলে তাঁর ধারণা।

শান্ত বলেন, ‘উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। উইকেটে ঘাস আছে। মনে হয় বোলিং-ব্যাটিং দুই দিকেই সহায়তা থাকবে, তবে বোলাররা একটু বেশি সুবিধা পেতে পারে।’

উইকেটের চরিত্র বিবেচনায় একাদশে পরিবর্তন আসবে কি না, সেটি এখনই নিশ্চিত করতে চাননি শান্ত। সাধারণত দুই স্পিনার ও তিন পেসার নিয়ে খেলার পরিকল্পনা থাকলেও ম্যাচের আগে কন্ডিশন আরেকবার দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শান্ত বলেন, ‘আমরা আগে সাধারণ কম্বিনেশনে খেলেছি, ২ স্পিনার, ৩ সিমার। তবে কালকের কন্ডিশন আবার দেখার সুযোগ রয়েছে, এরপর সিদ্ধান্ত নেব।’

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলার সুযোগকে বিশেষ কিছু হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক। ২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর আবার সেই সুযোগ পাওয়ায় রোমাঞ্চিত শান্ত।

তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। ২৩ বছর আগে খেলেছিলাম, সৌভাগ্য যে আবার আসতে পেরেছি। আমরা লড়াই করতে চাই। অধিনায়ক হিসেবে আমরা ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী। ভালো লাগছে। এখানে টেস্ট খেলা এক্সাইটিং। এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় সুযোগ।’

টেস্টটি কত দিনে শেষ হবে, তা নিয়ে অবশ্য এখনই ভাবতে চান না শান্ত। ম্যাচের ফল বা স্থায়িত্বের চেয়ে প্রতিটি সেশনে ভালো ক্রিকেট খেলাই বাংলাদেশের মূল লক্ষ্য। পাঁচ দিন ধরে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে চান তিনি।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা তো ৫ দিন ভালো ক্রিকেট খেলতে চাই, সেশন বাই সেশন খেলতে চাই। প্রতিটি সেশন গুরুত্বপূর্ণ। কয়দিন যাবে, এ ধরনের আলোচনা থাকবেই। আমাদের লক্ষ্য থাকবে কত ভালো খেলতে পারি।’

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ তাই ফলের হিসাবের চেয়ে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে চায়। ডারউইনের প্রথম টেস্টে শান্তদের লক্ষ্য থাকবে শুরু থেকেই লড়াইয়ে থাকা এবং প্রতিটি সেশনে নিজেদের সেরাটা দেওয়া।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles