অবসর নিচ্ছেন রোনালদো

ফুটবল ক্যারিয়ারের শেষ সময়টা বোধ হয় খুব কাছেই চলে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, ২০২৬-২৭ মৌসুমই সম্ভবত তার খেলোয়াড়ি জীবনের শেষ বছর হতে যাচ্ছে।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি তিনি।

বিখ্যাত সাময়িকী ভোগকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘সম্ভবত এটাই ফুটবলে আমার শেষ বছর। আমি এমন এক কীর্তি করে যেতে চাই, যা মানুষ আজীবন মনে রাখবে।’

অবসরের পরের জীবন নিয়েও ভাবছেন রোনালদো।

ফুটবল ছেড়ে দেওয়ার পর কীভাবে সময় কাটাবেন, জানতে চাইলে তিনি বলেন, তার সামনে অনেক কিছু করার সুযোগ রয়েছে।

রোনালদোর ভাষায়, ‘আমাকে ব্যস্ত রাখার মতো অনেক কিছু আছে। তাই শুধু একটি বিষয় বলাটা কঠিন। ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হতে পারে।

সেই সময় আমাকে শুধু একটি উপায়ে নয়, বিভিন্নভাবে শূন্যতা পূরণ করতে হবে।’

অবসরের পর আরো আনন্দ করতে, বেশি ভ্রমণ করতে এবং নিজের পছন্দের প্যাডেল খেলা দেখতে ও খেলতে চান রোনালদো, ‘আমি আরো আনন্দ করতে চাই, আরো বেশি ভ্রমণ করতে চাই, প্যাডেল দেখতে ও খেলতে চাই, যেটা আমি সত্যিই পছন্দ করি। আর আমি যা অর্জন করেছি, সেগুলো উপভোগ করে যেতে চাই। এটা ২৫ বছরের পথচলা, যেখানে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।’

রোনালদোর এসব মন্তব্যের পর তার অবসর নিয়ে জল্পনা আরো জোরালো হয়েছে।

দুই দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা রোনালদো ২০০২ সালে স্পোর্তিং লিসবনের হয়ে শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রথমবারের মতো খেলতে নামেন। 

এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ক্লাবে খেলেছেন। বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন।

ক্যারিয়ারে অসংখ্য সাফল্য পেলেও রোনালদোর ট্রফির তালিকায় নেই বিশ্বকাপ। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ২০২৬ বিশ্বকাপেও পর্তুগালকে কাক্সিক্ষত সাফল্য এনে দিতে পারেননি। ফলে ফুটবলের সবচেয়ে বড় এই ট্রফিটি তার অধরাই রয়ে গেছে। 

তবে ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনালদোর ব্যক্তিগত অর্জনের তালিকা বিশাল। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত ৯৭৬ গোল করেছেন। সামনে তার অন্যতম বড় লক্ষ্য ১০০০ গোলের মাইলফলক ছোঁয়া।

সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন রোনালদো

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles