এটাই আমার শেষ বিশ্বকাপ-রোনালদো

‘এটাই আমার শেষ বিশ্বকাপ’ পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো নিশ্চিত করেছেন, চলমান বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে স্পেনের বিপক্ষে নকআউট ম্যাচই যে বিশ্বমঞ্চে তার শেষ ম্যাচ হবে, তা মনে করতে রাজি নন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। তিনি আশা প্রকাশ করেছেন, পর্তুগাল জয় পেয়ে আরও সামনে এগিয়ে যাবে।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় ডালাসে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হন ৪১ বছর বয়সী রোনালদো। অবসর প্রসঙ্গে বারবার প্রশ্ন করায় কিছুটা বিরক্তিও প্রকাশ করেন তিনি। তবে শেষ পর্যন্ত একটি প্রশ্নের উত্তরে জানিয়ে দেন, এটিই তার শেষ বিশ্বকাপ।

সংবাদ সম্মেলনের শেষ দিকে তাকে জিজ্ঞাসা করা হয়, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশে তার কোনো বার্তা আছে কি না। উত্তরে রোনালদো হালকা মেজাজে বিমানে ঘটে যাওয়া একটি ঘটনার কথা তুলে ধরেন।

রোনালদো বলেন, “গতকাল বিমানে একজন কেবিন ক্রু ছিলেন। তার তাকানোর ধরন দেখেই আমি বুঝেছিলাম তিনি আর্জেন্টাইন। আমি তাকে বলেছিলাম, ‘আপনি যেভাবে আমার দিকে তাকাচ্ছেন, তাতে আমি জানি আপনি আর্জেন্টাইন।’ যদি আপনি দ্রুত অন্যদিকে তাকান, তাহলে বুঝতে হবে আপনি ক্রিশ্চিয়ানোকে পছন্দ করেন না।” এ সময় হাসিতেও ফেটে পড়েন পর্তুগিজ তারকা।

এরপরই নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা দেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তিনি বলেন, ‘এটা আমার শেষ বিশ্বকাপ। আমি এটি পুরোপুরি উপভোগ করতে চাই। আশা করি, আগামীকাল আমার শেষ ম্যাচ নয়।’

রোনালদোর এই ঘোষণায় বিশ্ব ফুটবলে একটি যুগের সমাপ্তির আভাস মিলেছে। প্রায় দুই দশক ধরে আন্তর্জাতিক ফুটবলে অসাধারণ ধারাবাহিকতা, অসংখ্য গোল এবং একাধিক শিরোপা জিতে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তাই তার শেষ বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও তুঙ্গে।

এখন দেখার বিষয়, স্পেনকে হারিয়ে পর্তুগালকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারেন কি না রোনালদো। সমর্থকদের প্রত্যাশা, বিদায়ের আগে আরও একবার বিশ্বমঞ্চে নিজের সেরা পারফরম্যান্স উপহার দেবেন এই মহাতারকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles