রোনালদোর শেষ স্বপ্ন টিকবে নাকি স্পেনের আধিপত্য? বিশ্বকাপ থেকে নেইমারের ব্রাজিল বিদায় নেওয়ার পর এবার ফুটবলপ্রেমীদের নজর যুক্তরাষ্ট্রের ডালাসে। বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের শেষ ষোলোয় মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও স্পেন। নকআউট পর্বের এই ম্যাচে হারলেই শেষ হয়ে যাবে এক দলের বিশ্বকাপ স্বপ্ন।
বিশেষ করে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য এটি হতে পারে বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ। তাই ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে।
কোটি ফুটবল ভক্তকে কাদিয়ে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার শেষ ষোলোয় আরও এক ম্যাচ থেকে বিদায় নেবে একটি দল। লামিনে ইয়ামালের স্পেন নাকি রোদালদোর পর্তুগাল! এই প্রশ্নের উত্তর জানা যাবে রাতেই।
বিশ্বকাপে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নকআউটে উঠেছে দুই দলই। কে গ্রুপে পর্তুগাল তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে এইচ গ্রুপে স্পেনও তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান দখল করে শেষ ষোলো নিশ্চিত করে। ফলে দুই দলের আত্মবিশ্বাসই এখন তুঙ্গে।
সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় স্পেনকে কিছুটা এগিয়ে রাখছেন অনেক ফুটবল বিশ্লেষক। তরুণ ও গতিময় আক্রমণভাগ, বল দখলে আধিপত্য এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ স্পেনকে শক্তিশালী প্রতিপক্ষ বানিয়েছে। অন্যদিকে পর্তুগালের সবচেয়ে বড় ভরসা অভিজ্ঞতা।
রোনালদোর নেতৃত্বের পাশাপাশি ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লিয়াও, ভিটিনিয়া ও বের্নার্দো সিলভার মতো তারকারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। আন্তর্জাতিক ফুটবলে পর্তুগাল ও স্পেনের লড়াইয়ের ইতিহাসও বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত দুই দল মোট ৪১ বার মুখোমুখি হয়েছে।
এর মধ্যে স্পেন জিতেছে ১৮টি ম্যাচ, পর্তুগাল জিতেছে ৬টি, আর ১৭টি ম্যাচ ড্র হয়েছে। মুখোমুখি পরিসংখ্যানে স্পষ্টভাবেই এগিয়ে স্পেন। তবে বিশ্বকাপ ও বড় টুর্নামেন্টে দুই দলের লড়াই বরাবরই হয়েছে হাড্ডাহাড্ডি।
ডালাসের এই মহারণে একদিকে থাকবে স্পেনের তারুণ্য ও গতির পরীক্ষা, অন্যদিকে রোনালদোর অভিজ্ঞতা ও শেষ বিশ্বকাপ স্বপ্ন। নেইমারের কান্নার পর ফুটবল বিশ্ব কি এবার দেখবে রোনালদোর বিদায়বেলা, নাকি পর্তুগিজ মহাতারকা দলকে নিয়ে পৌঁছে যাবেন কোয়ার্টার ফাইনালে-তার উত্তর মিলবে রাতের ৯০ মিনিট, কিংবা প্রয়োজনে অতিরিক্ত সময় ও টাইব্রেকারের নাটকীয় লড়াইয়ে।



