‘পর্তুগালের নয়, বিশ্বের সেরা মাঝমাঠ স্পেনের’ দাবি রদ্রির

‘পর্তুগালের নয়, বিশ্বের সেরা মাঝমাঠ স্পেনের’দাবি রদ্রির।  স্পেনের অধিনায়ক রদ্রি মনে করেন, পর্তুগালের তারকাখচিত মিডফিল্ড যতই শক্তিশালী হোক না কেন, বিশ্বের সেরা মাঝমাঠ এখন স্পেনেরই। বিশ্বকাপের শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে পর্তুগালের মুখোমুখি হওয়ার আগে এমন আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন তিনি।

ডালাসের কটন বোল স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রদ্রি বলেন, পর্তুগাল তাদের অন্যতম কঠিন প্রতিপক্ষ। দুই দলের খেলোয়াড়রা একে অপরকে ভালোভাবে চেনেন এবং প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে স্পেনের পূর্ণ ধারণা রয়েছে। তার মতে, বর্তমান পর্তুগাল দল দেশটির ইতিহাসের অন্যতম সেরা প্রজন্ম।

তবে প্রতিপক্ষকে সম্মান জানালেও নিজের দলের ওপরই আস্থা রাখছেন স্পেন অধিনায়ক। রদ্রির ভাষায়, “আমার মতে বিশ্বের সেরা দল এবং সেরা মাঝমাঠ আমাদেরই। পর্তুগালের দলে অসাধারণ সব তারকা রয়েছে, তারা দল হিসেবেও দারুণ খেলে। কিন্তু আমরা প্রমাণ করতে চাই, আমাদের দলই আরও ভালো।”

স্পেনের মাঝমাঠে রয়েছেন পেদ্রি, গাভি, দানি ওলমো, ফাবিয়ান রুইস ও অ্যালেক্স বায়েনার মতো সৃজনশীল ফুটবলার। অন্যদিকে পর্তুগালের শক্তি ভিতিনিয়া, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, রুবেন নেভেস ও বের্নার্দো সিলভাদের নিয়ে গড়া অভিজ্ঞ মিডফিল্ড। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে দুই দলের মাঝমাঠের লড়াইই হতে পারে সবচেয়ে বড় আকর্ষণ।

গত বছর উয়েফা নেশন্স লিগের ফাইনালে দুই দলের সর্বশেষ দেখায় ২-২ সমতার পর টাইব্রেকারে জয় পেয়েছিল পর্তুগাল। তবে চলতি বিশ্বকাপে পারফরম্যান্সের বিচারে কিছুটা এগিয়ে রয়েছে স্পেন। এখন পর্যন্ত টুর্নামেন্টে তাদের জালে কোনো গোল ঢোকেনি। শেষ ষোলোর আগে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে তারা। বিপরীতে পর্তুগালকে শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে কঠিন লড়াই করে জয় পেতে হয়েছে।

রদ্রি বিশ্বাস করেন, নকআউট পর্বেই স্পেন তাদের সেরা ফুটবল খেলবে। তিনি বলেন, “আমরা আরও ভালো খেলতে পারি। এমন টুর্নামেন্টে কখন সেরাটা দিতে হয়, সেটা আমরা জানি। গ্রুপ পর্ব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন নকআউটে স্পেনের আসল শক্তি দেখা যাবে।”

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও একই সুরে কথা বলেছেন। তার মতে, পর্তুগাল দুর্দান্ত দল হলেও বিশ্বের সেরা দল স্পেন। তিনি বলেন, দুই দলের খেলার ধরনে অনেক মিল রয়েছে। তাই ম্যাচে ছোট ছোট মুহূর্ত এবং খুঁটিনাটি বিষয়ই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিতে পারে।

২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী রদ্রি চোট কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছেন। সমালোচনা থাকলেও তিনি জানিয়েছেন, নিজেকে এখন পুরোপুরি ফিট মনে হচ্ছে এবং পর্তুগালের বিপক্ষে নিজের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles