লিডস টেস্টের প্রথম দিনে মেঘলা আকাশের নিচে বল হাতে ইংল্যান্ডের দাপটের সামনে আবারও ব্যাটিং ধসের পুরোনো রোগে আক্রান্ত হলো পাকিস্তান। অলি রবিনসনের পাঁচ উইকেট এবং জশ টংয়ের চার উইকেটে প্রথম ইনিংসে মাত্র ১৭১ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। জবাবে দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১২ রান। হাতে ৮ উইকেট রেখে পাকিস্তানের চেয়ে মাত্র ৫৯ রানে পিছিয়ে স্বাগতিকরা।
মেঘাচ্ছন্ন হেডিংলির সকালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তের সুফল প্রথম বলেই পান ইংল্যান্ড অধিনায়ক জো রুট। অলি রবিনসনের ইনসুইং বলে শূন্য রানে বিদায় নেন আজান আওয়াইস। এরপর শান মাসুদও বেশিক্ষণ টিকতে পারেননি। রবিনসনের আরেকটি দারুণ বল তাঁকে ফিরিয়ে দিলে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান।
বৃষ্টির কারণে দীর্ঘ বিরতির পর অবশ্য ইনিংস গুছিয়ে তোলেন আবদুল্লাহ শফিক (৬১) ও ইমাম-উল-হক (৪২)। দুজনের ৯১ রানের জুটিতে কিছুটা স্বস্তি ফেরে পাকিস্তান শিবিরে। সাবলীল ব্যাটিংয়ে পরিস্থিতিও ধীরে ধীরে সহজ হয়ে উঠেছিল। কিন্তু শতরানের জুটির আগেই ইমামের ভুলে সেই প্রতিরোধ ভেঙে যায়।

জশ টংয়ের বল অফ স্টাম্পের বাইরে খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন ইমাম। এরপর রবিনসনের আগুনে স্পেল পাকিস্তানের ইনিংসকে দ্রুত ধসিয়ে দেয়। আবদুল্লাহ শফিক, সৌদ শাকিলসহ পাকিস্তানের মধ্যসারি দ্রুত সাজঘরে ফেরে। পরে সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ান কিছুটা প্রতিরোধ গড়লেও তা দীর্ঘ হয়নি।
শেষ পর্যন্ত টং পাকিস্তানের লেজ গুঁড়িয়ে দিলে মাত্র ১৭১ রানেই থামে ইনিংস। রবিনসন নেন পাঁচ উইকেট, টং চারটি। পাকিস্তানের শেষ আট উইকেট পড়ে মাত্র ৭৪ রানে।
জবাবে শুরুতে দ্রুত রান তোলে ইংল্যান্ড। তবে মোহাম্মদ আব্বাস বেন ডাকেটকে এবং মোহাম্মদ আলি এমিলিও গেকে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরার আশা দেখান। কিন্তু এরপর অধিনায়ক রুট ও তিন নম্বরে নামা জর্ডান কক্স দৃঢ়ভাবে দিনের খেলা শেষ করেন।
প্রথম দিনের হিসাব বলছে, লিডসে এখন নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতেই। দ্বিতীয় দিনের সকালে রুট-কক্সের জুটি কতদূর এগোয় এবং পাকিস্তানের বোলাররা নতুন করে প্রতিরোধ গড়তে পারেন কি না, সেটিই হতে যাচ্ছে ম্যাচের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ বিকাল চারটায় শুরু হবে দ্বিতীয় দিনের খেলা। জর্ডান কক্স ২৩ ও জো রুট ৩৭ রানে ব্যাটিং শুরু করবেন। ইংল্যান্ডের আউট হওয়া দুই ব্যাটার বেন ডাকেট করেছেন ১৫ রান। ইমিলিও গে’র সংগ্রহ ছিল ৩৩ রান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস: ১৭১/১০ (আবদুল্লাহ শফিক ৬১ ও ইমাম-উল-হক ৪২, সালমান আগা ২১; রবিনসন ৫/৫১, জস টং ৫/৪৬)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ১১২/২ (২৫ ওভার)। (ডাকেট ১৫, গে ৩৩, কক্স ২৩* ও জো রুট ৩৭*; আব্বাস ১/৩৪, মোহাম্মদ আলী ১/৩৮)।


