বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের গায়ে হাত তুলে মেসির জরিমানা

মেজর লিগ সকারে (এমএলএস) আচরণবিধি ভঙ্গের দায়ে লিওনেল মেসিকে জরিমানা করেছে লিগের ডিসিপ্লিনারি কমিটি। প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার বিধি ভঙ্গ করায় ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকাকে এই শাস্তি দেওয়া হয়েছে। তবে জরিমানার অঙ্ক প্রকাশ করা হয়নি।

বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের ফুটবলার কুইন সলিভানের সঙ্গে বিবাদে জড়িয়ে এই শাস্তি পেয়েছেন মেসি। গত বুধবার দুই দলের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ দিকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ম্যাচের শেষ বাঁশি বাজার আগে মাঝমাঠের কাছে কুইন সলিভানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান মেসি। একপর্যায়ে বাঁ হাত দিয়ে সলিভানের ঘাড়ের পেছনে চাপড় দেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে মেসির দিকে তেড়ে আসেন সলিভান। দুজন তখন কপালে কপাল ঠেকিয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকেন। পরে রেফারি এসে দুজনকে আলাদা করেন।

ঘটনার সময় রেফারি অন্যদিকে তাকিয়ে থাকায় মাঠে মেসিকে কোনো কার্ড দেখানো হয়নি। তবে ভিডিও ফুটেজ ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি এড়াতে পারেননি তিনি। বল খেলার বাইরে থাকা অবস্থায় ‘সহিংস’ আচরণের জন্য শেষ পর্যন্ত আর্থিক জরিমানাই গুনতে হয়েছে তাঁকে। কোনো ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

এমএলএসে আচরণবিধি ভঙ্গের কারণে এ নিয়ে দ্বিতীয়বার শাস্তি পেলেন মেসি। গত বছর নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচের পর প্রতিপক্ষের সহকারী কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে তাঁকে গলা চেপে ধরেছিলেন মেসি। একই সময় রেফারির সঙ্গে উত্তপ্ত আচরণ করতেও দেখা যায় তাঁকে।

কুইন সলিভানের সঙ্গে মেসির ঘটনার কিছুক্ষণ পরই ম্যাচে আরও বড় সংঘর্ষের ঘটনা ঘটে। যোগ করা সময়ের দ্বাদশ মিনিটে মায়ামির বক্সে একটি চ্যালেঞ্জে পড়ে যান কুইন। উঠে দাঁড়ানোর সময় মায়ামির ইয়ান ফ্রে তাঁর মাথার ওপর হাত দিয়ে চাপ দেওয়ার মতো করেন। একই সময় কুইনের পায়ে পাড়া দেওয়ারও চেষ্টা করেন তিনি। ক্ষুব্ধ কুইন তখন ফ্রের ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে মাটিতে ফেলে দেন।

এরপর দুই দলের খেলোয়াড়েরা সেখানে ছুটে যান। মায়ামির ইয়ানিক ব্রাইট কুইনের গলা ধরে তাঁকে টেনে তোলার চেষ্টা করেন। বিষয়টি দেখে কুইনের ছোট ভাই ক্যাভিন সলিভান ছুটে এসে ব্রাইটের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। কুইন দেখেন হলুদ কার্ড।

এই ঘটনায় জরিমানা করা হয়েছে ফ্রেকেও। তবে স্বস্তির খবর পেয়েছেন ক্যাভিন সলিভান। স্বাধীন রিভিউ প্যানেল সর্বসম্মতিক্রমে তাঁর লাল কার্ড প্রত্যাহার করেছে। ফলে ১৬ বছর বয়সী এই ফুটবলার পরের ম্যাচে খেলতে পারবেন।

ক্যাভিন ও কুইন সলিভানের নানি যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সুলতানা আলম। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

ক্যাভিনকে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিভাবান তরুণ ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। ২০২৪ সালে মেজর লিগ সকারের ইতিহাসে সবচেয়ে দামি স্থানীয় খেলোয়াড় হিসেবে ফিলাডেলফিয়ার সঙ্গে চুক্তি করেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে এমএলএসে অভিষেক হয়ে রেকর্ড গড়েন। যুক্তরাষ্ট্র বা কানাডার কোনো প্রধান পেশাদার ক্রীড়া লিগে অভিষেক হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়ও তিনি। ১৮ বছর বয়স হলে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

কুইন সলিভান ক্যাভিনের বড় ভাই। ২২ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২১ সাল থেকে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়েও মাঠে নেমেছেন তিনি।

সলিভান পরিবারের আরও দুই ভাই রোনান ও ডেক্লান বাংলাদেশের হয়ে জাতীয় দলে খেলার আগ্রহ দেখিয়েছেন। গত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে দারুণ পারফরম্যান্স করে আলোচনায় আসেন রোনান।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles