বাংলাদেশে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দেখা যাবে বঙ্গ অ্যাপসে

বাংলাদেশে শুরু হলো ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৬-২৭ মৌসুমের নতুন আয়োজন। শনিবার রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন মৌসুমের সম্প্রচার পরিকল্পনা উন্মোচন করেছে বঙ্গ। মাইকোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের জন্য প্রিমিয়ার লিগের পুরো মৌসুমের ৩৮০টি ম্যাচ সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রিমিয়ার লিগ বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া আসর। বাংলাদেশেও এই লিগের রয়েছে বিশাল দর্শকগোষ্ঠী। সেই দর্শকদের কথা মাথায় রেখে এবার পুরো মৌসুমের ম্যাচগুলো আরও সহজে ও উন্নত মানে দেখার সুযোগ তৈরি করতে চায় বঙ্গ ও মাইকো।

বঙ্গ’র পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬-২৭ মৌসুমের প্রতিটি ম্যাচ ফুল এইচডি মানে সম্প্রচার করা হবে। পাশাপাশি দর্শকদের জন্য ‘বাফারলেস’ লাইভ স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের। অর্থাৎ পুরো মৌসুমজুড়ে নিরবচ্ছিন্ন ও মসৃণভাবে ম্যাচ দেখার সুবিধা নিশ্চিত করতে চায় প্ল্যাটফর্মটি।

বঙ্গর চিফ অব বিজনেস অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স মামুন আতিক বলেন, প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রীড়া ব্র্যান্ডগুলোর একটি। বাংলাদেশের দর্শকদের জন্য সব ৩৮০টি ম্যাচ নিয়ে আসা দেশের ডিজিটাল বিনোদন খাতের জন্য বড় একটি সুযোগ। মাইকোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে দর্শকদের জন্য নতুন মূল্য তৈরি করার পাশাপাশি ব্র্যান্ড, অংশীদার এবং পুরো ক্রীড়া সম্প্রদায়ের জন্যও নতুন সুযোগ তৈরির প্রত্যাশা করছেন তারা।

মৌসুমের সম্প্রচার উদ্বোধনের পাশাপাশি বাংলাদেশি ফ্যান্টাসি ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ বা এফপিএল ক্যাম্পেইনও চালু করেছে বংগো। তবে এই সুবিধা পাবেন শুধু বংগো ইপিএল সিজন পাসের গ্রাহকেরা।

ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে সেরা পারফর্ম করা ম্যানেজারদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এর মধ্যে রয়েছে প্লেস্টেশন ৫, ম্যাকবুক ও আইফোন। পাশাপাশি প্রতি মাসে থাকছে চমকপ্রদ আরও কিছু পুরস্কার।

বঙ্গর প্রধান পরিচালন কর্মকর্তা বা সিওও নাবিলা সাজ্জাদ বলেন, বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর কাছে প্রিমিয়ার লিগের আলাদা একটি জায়গা রয়েছে। মাইকোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বঙ্গ সরাসরি স্ট্রিমিংয়ের মাধ্যমে ২০২৬-২৭ মৌসুমের প্রতিটি ম্যাচ দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে।

তিনি আরও জানান, সিজন পাসধারীরা ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ক্যাম্পেইনে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ পাবেন। পাশাপাশি মৌসুমের বড় ম্যাচগুলো উপভোগ করতে পারবেন বিশেষ ওয়াচ পার্টিতে। ফলে শুধু ঘরে বসে ম্যাচ দেখা নয়, পুরো প্রিমিয়ার লিগের অভিজ্ঞতার সঙ্গে দর্শকদের আরও বেশি সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর আয়োজন করা হয় বিশেষ ওয়াচ পার্টির। সেখানে বঙ্গ ইপিএল সিজন পাসধারী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা বড় পর্দায় সরাসরি উপভোগ করেন ম্যানচেস্টার ইউনাইটেড ও হাল সিটির ম্যাচ।

তবে উদ্বোধনী ওয়াচ পার্টিতে সম্প্রচার নিয়ে কিছুটা ভিন্ন অভিজ্ঞতাও হয়েছে দর্শকদের। বংগোর পক্ষ থেকে ‘বাফারলেস’ স্ট্রিমিংয়ের প্রতিশ্রুতি দেওয়া হলেও ম্যাচ চলাকালে কিছু সময় স্ট্রিমিংয়ে বাফারিংয়ের সমস্যা দেখা যায়।

আর মাঠের ফলও ছিল ইউনাইটেড সমর্থকদের জন্য হতাশার। মৌসুমের প্রথম ম্যাচেই সদ্য প্রিমিয়ার লিগে ফেরা হাল সিটির কাছে ২-০ গোলে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।

তারপরও বাংলাদেশের দর্শকদের জন্য পুরো ৩৮০ ম্যাচ সরাসরি দেখানোর উদ্যোগকে সামনে রেখে নতুন মৌসুমে বড় আয়োজন নিয়ে এসেছে বংগো। ফুটবল, ফ্যান্টাসি লিগ এবং ওয়াচ পার্টি—সব মিলিয়ে বাংলাদেশি দর্শকদের প্রিমিয়ার লিগের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করাই এবার তাদের মূল লক্ষ্য।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles