প্রস্তুতি ম্যাচ চলছিল। হঠাৎ করেই মাঠে লুটিয়ে পড়েন ২৫ বছর বয়সী পর্তুগিজ ফুটবলার কেভিন ক্যাস্ত্রো। দ্রুত ছুটে আসেন সতীর্থ ও দুই দলের চিকিৎসাকর্মীরা। মাঠেই শুরু হয় জরুরি চিকিৎসা, ব্যবহার করা হয় ডিফিব্রিলেটর। পরে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এই মিডফিল্ডার।
শনিবার পর্তুগালের মালভেইরায় ঘটেছে মর্মান্তিক ঘটনাটি। রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলছিলেন ক্যাস্ত্রো। ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় অসুস্থ বোধ করে মাঠে পড়ে যান তিনি।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’র প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাস্ত্রো মাঠে পড়ে যাওয়ার পর দ্রুত তাঁর কাছে ছুটে যান দুই দলের চিকিৎসাকর্মীরা। এস্ত্রেলা দা আমাদোরার চিকিৎসকেরা ডিফিব্রিলেটর ব্যবহার করে তাঁকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। পরে জাতীয় জরুরি চিকিৎসা সংস্থা আইএনইএমের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
চলতি মৌসুমেই পর্তুগালের তৃতীয় স্তরের ক্লাব রিয়াল স্পোর্টে যোগ দিয়েছিলেন ক্যাস্ত্রো। এর আগে ক্যারিয়ারের বড় সময় কাটিয়েছেন ইংল্যান্ডে। ওয়েস্টব্রমের হয়ে ২০২১ সালে সিনিয়র দলে অভিষেক হয় তাঁর। ক্লাবটির হয়ে খেলেছেন দুটি ম্যাচ।
আর্সেনালের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচ দিয়ে ওয়েস্টব্রমের মূল দলে অভিষেক হয় ক্যাস্ত্রোর। এরপর সোয়ানসি সিটির বিপক্ষেও মাঠে নেমেছিলেন তিনি। ওয়েস্টব্রম থেকে ধারে বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে খেলেছেন এই ফুটবলার।
পরে ইয়র্ক সিটি, চিপেনহ্যাম টাউন, ক্যামব্রিজ সিটি ও ইস্টবোর্ন বরোর মতো ইংলিশ ক্লাবেও খেলেছেন ক্যাস্ত্রো। গত মাসে যোগ দিয়েছিলেন রিয়াল স্পোর্টে। কিন্তু নতুন ক্লাবে তাঁর পথচলা থেমে গেল মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই।
ক্যাস্ত্রোর মৃত্যুতে শোক জানিয়েছে ওয়েস্টব্রম। তাঁর স্মরণে বার্নলির বিপক্ষে আজকের চ্যাম্পিয়নশিপ ম্যাচের ২৫তম মিনিটে এক মিনিট করতালি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। এ ছাড়া কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন ওয়েস্টব্রমের খেলোয়াড়েরা।


