সিনসিনাটি ওপেনে দারুণ ছন্দে থাকা ব্র্যান্ডন নাকাশিমাকে হারিয়ে ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফো। শনিবার অল-আমেরিকান সেমিফাইনালে ১৭তম বাছাই টিয়াফো সরাসরি সেটে ৭-৫, ৬-৩ গেমে হারান ২৫ বছর বয়সী নাকাশিমাকে।
এই জয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বার সিনসিনাটি ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন টিয়াফো। ২০২৪ সালেও এই এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন তিনি। এবার শিরোপা জিতে ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য পাওয়ার হাতছানি ২৮ বছর বয়সী এই আমেরিকানের সামনে।
ফাইনালে টিয়াফোর প্রতিপক্ষ ২১তম বাছাই ফ্রান্সের আর্থার ফিলস। প্রথম সেমিফাইনালে সপ্তম বাছাই ইতালির ফ্লাভিও কোবোল্লিকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন ফরাসি এই খেলোয়াড়। ফলে টিয়াফো-ফিলস ফাইনালের মধ্য দিয়ে নিশ্চিত হবে নতুন এক এটিপি মাস্টার্স ১০০০ চ্যাম্পিয়ন।
নাকাশিমার বিপক্ষে প্রথম সেটে শুরু থেকেই ছিল টানটান লড়াই। প্রথম ছয় গেমের মধ্যে চারটিতেই সার্ভিস ব্রেক হয়। ৪-৫ গেমে নিজের সার্ভিস ধরে রাখতে গিয়ে তিনটি সেট পয়েন্টের মুখেও পড়েন টিয়াফো। তবে দুটি সেট পয়েন্ট দুর্দান্ত ফোরহ্যান্ড উইনারে বাঁচিয়ে শেষ পর্যন্ত সেটটি ৭-৫ ব্যবধানে জিতে নেন তিনি।
দ্বিতীয় সেটে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ আরও ভালোভাবে নেন টিয়াফো। ফোরহ্যান্ডের কার্যকর ব্যবহার এবং গুরুত্বপূর্ণ সময়ে নেটের কাছে উঠে আক্রমণাত্মক টেনিস খেলে ৬-৩ গেমে সেট জিতে ম্যাচ নিশ্চিত করেন তিনি। পুরো ম্যাচ শেষ করতে সময় লাগে ১ ঘণ্টা ৪২ মিনিট।
সিনসিনাটিতে এই সাফল্যের মাধ্যমে নতুন শতাব্দীতে একাধিকবার ফাইনালে ওঠা তৃতীয় আমেরিকান পুরুষ খেলোয়াড় হলেন টিয়াফো। এর আগে এই কীর্তি গড়েছেন অ্যান্ডি রডিক ও মার্ডি ফিশ।
চলতি মৌসুমে এটিপি ট্যুরে আমেরিকান পুরুষ খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৩৭টি ম্যাচ জয়ের রেকর্ডও এখন টিয়াফোর দখলে। লাইভ র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ১২ নম্বরে।
অন্যদিকে নাকাশিমার দুর্দান্ত সামার হার্ডকোর্ট মৌসুম থামল সেমিফাইনালে। এই সময়ে ১৫ ম্যাচ খেলে ১২টিতেই জিতেছেন তিনি। এর মধ্যে মন্ট্রিয়ল মাস্টার্সের ফাইনালে ওঠাও ছিল উল্লেখযোগ্য সাফল্য।
ফাইনালের আগে টিয়াফো অবশ্য ফিলসের বিপক্ষে একমাত্র মুখোমুখি লড়াইয়ে হেরেছেন। গত বছর মিয়ামি ওপেনের তৃতীয় রাউন্ডে প্রায় তিন ঘণ্টার লড়াইয়ে টিয়াফোকে হারিয়েছিলেন ফরাসি খেলোয়াড়টি। এবার সেই হারের জবাব দিয়ে সিনসিনাটির শিরোপা জিততে চাইবেন টিয়াফো।
ফাইনালে তাই লড়াইটা শুধু শিরোপার নয়, দুজনেরই সামনে ক্যারিয়ারের প্রথম এটিপি মাস্টার্স ১০০০ শিরোপা জয়ের সুযোগ।


