আত্মসম্মানের ব্যাপার ছিল- প্যাট কামিন্স

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে ডারউইনে বাংলাদেশ অবিশ্বাস্য জয়। স্বাগতিকদের ৯ উইকেটে হারায় শান্তরা। ওই হারের পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়িয়েছে প্যাট কামিন্সের দল। ম্যাকাইতে দুই দিনের মধ্যেই বাংলাদেশকে হারিয়েছে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে।

দুই ইনিংসেই এক শর নিচে অলআউট হয়েছে বাংলাদেশ, দুই দিনে টেস্ট হারও তাদের এই প্রথম। এমন দাপট দেখানো জয়ে কি প্রথম টেস্টে হারের প্রতিশোধ নিল অস্ট্রেলিয়া? রবিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, ‘এটা আসলে আত্মসম্মানের ব্যাপার। একটা ম্যাচ হেরে যাওয়ার পর পরেরটা জেতার জন্য মরিয়া হতে হয়। এতে চেষ্টা বাড়ানো যায় কি না, তা আমি নিশ্চিত নই। তবে আমাদের ঘুরে দাঁড়ানোটা খুব দরকার ছিল। আমরা তা করতে পেরে আনন্দিত।’

অবশ্য ম্যাকাইয়ে বাংলাদেশের মতো অস্ট্রেলিয়ার ব্যাটিংও তেমন ভালো হয়নি। একমাত্র ইনিংসে ২১০ রানে অলআউট হয়েছে তারা। তাদের এমন ব্যাটিংয়ের পর অনেকেই উইকেটের দায় দেখছেন, বোলাররা বাড়তি সুবিধা পেয়েছেন বলে ধারণা তাদের। তবে এমন বক্তব্যের সঙ্গে একমত নন কামিন্স। দুই দিনে টেস্ট শেষ হয়ে যাবে এমন কিছুও নাকি ভাবনায় ছিল না তাঁর, ‘সবকিছু যেন চোখের পলকে ঘটে গেল। পিচ বেশ ভালোই ছিল। দেখে মনে হয়নি যে এটা পাঁচ সেশনের মধ্যে ৩০ উইকেট পড়ে যাওয়ার মতো।’

দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। বাংলাদেশের বাঁহাতি পেসার শরীফুল ইসলামও একমাত্র ইনিংসে ৭ উইকেট পেয়েছেন। বোলারদের কৃতিত্ব তো আছেই, দুই দিনে টেস্ট হওয়ার পেছনে কামিন্স দায় দেখছেন ব্যাটসম্যানদেরও, ‘দুর্দান্ত বোলিং যেমন ছিল, তেমনই মাঝে মাঝে গড়পড়তার চেয়েও বাজে ব্যাটিং দেখা গেছে। যার (ব্যাটিং ভালো করতে না পারাদের) মধ্যে আমি নিজেও আছি। সম্ভবত এসব কারণেই ম্যাচটা দ্রুত শেষ হয়ে গেল।’

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles